২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

সাংবাদিকতার পাঠশালা থেকে বাপের বাড়ির মতো প্রিয় কর্মস্থল—তৌফিক ইমরোজ খালিদীর স্নেহ, শাসন আর প্রেরণায় গড়ে ওঠার গল্প লিখেছেন কাজী শাহরিন হক।

তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে কাজী শাহরিন হক।

কাজী শাহরিন হক কাজী শাহরিন হক

Published : 22 Nov 2026, 11:05 AM

Updated : 22 Nov 2026, 11:05 AM

লেখাটা ঠিক এমন হওয়ার কথা ছিল না; অন্তত এখন যেভাবে রূপ নিচ্ছে, সেভাবে তো নয়ই। গত দেড় মাস ধরে কথাগুলো অবিরত মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু লেখার মতো শব্দে বাঁধার মতো মানসিক সঙ্গতি কিছুতেই হয়ে উঠছিল না। এরই মধ্যে পার করে ফেলেছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিও।

২৩ অক্টোবর ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৬ সালের এই দিনটিতেই তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে যাত্রা শুরু করে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র। এর বছর দেড়েক পর, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে একজন ট্রেইনি সাব-এডিটর হিসেবে আমার যুক্ত হওয়া এই প্রতিষ্ঠানে। পরবর্তী সাত বছর পাঁচ মাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজরুম আমার কাছে নিছক কোনো কর্মস্থল ছিল না; ছিল আমার পরবর্তী পুরো জীবনের অনন্য পাঠশালা।

তৌফিক ভাই সেদিনও আমাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে আমার ডাক নাম ধরে বলতেন, “তিন্নিকে তো আমরাই শিশু থেকে বড় করলাম।” কথাটা নিছক স্নেহ নয়, অক্ষরে অক্ষরে বাস্তব সত্য। কর্মস্থল হিসেবে বিডিনিউজ ছেড়ে যাওয়ার পরও যতবার এই চত্বরে পা রেখেছি, ততবারই মনে হয়েছে—অনেক দিন পর নিজের ঘরে ফেরা কোনো বাড়ির মেয়ে আমি।

সে সময় যারা আমাকে হাতে ধরে সাংবাদিকতার অ আ ক খ শিখিয়েছেন, একপ্রকার ‘গাধা পিটিয়ে মানুষ’ করেছেন, সময়ের পরিক্রমায় তাদের অনেকেই কর্মস্থল বদলেছিলেন। তবে সম্প্রতি তাদের অনেকেই আবার বিডিনিউজে ফিরেও এসেছেন—যা আমার ব্যক্তিগত আনন্দের জায়গা। ফেলে আসা সহকর্মীদের সঙ্গে ফের দেখা হওয়ার সুযোগ মেলে বলেই প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি হয়ে ওঠে অপার আনন্দের উপলক্ষ।

কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাকে আনন্দে রাখতে পারেনি। সবার মধ্যমণি যিনি, স্বয়ং তারই অনুপস্থিতি একটা তীক্ষ্ণ কাঁটার মতো হৃদয়ে বিঁধেছে। সেই কাঁটার তীব্র খোঁচা এখনো আমাকে তাড়িয়ে ফিরছে। যার দূরদর্শী নেতৃত্ব আর সফল উদ্যোগকে ঘিরে এই মিলনমেলা, তার সঙ্গেই যে আর কখনো দেখা হবে না—এই রূঢ় সত্যটা কিছুতেই মেনে নেওয়া যায় না।

তৌফিক ভাইয়ের সঙ্গে আমার প্রথম সাক্ষাতের স্মৃতিটা আজও স্পষ্ট। সেদিন নিজের কর্মঘণ্টা শেষ করে নিউ মিডিয়ার জন্য বরাদ্দ রাখা একটি ডেস্কটপ দখল করে বসে ছিলাম। নিউ মিডিয়া—অর্থাৎ মোবাইল ফোনে ডায়াল করে খবর শোনার যে অভিনব সেবা বিডিনিউজ সে সময় দেশে প্রথম চালু করেছিল। তখন সেই বিভাগে কাজ করতেন দিনা আপু (শায়লা রোকসানা)। তার অনুমতি নিয়েই ফাঁকা কম্পিউটারটিতে বসে আমার ব্যক্তিগত ইয়াহু মেসেঞ্জারে লগইন করেছিলাম।

বসার মিনিট দশেক পরই ঝড়ের বেগে নিউজরুমে উদয় হলেন তৌফিক ভাই; উদ্দেশ্য, নিউ মিডিয়ার ইংরেজি সংবাদের স্ক্রিপ্ট চূড়ান্ত করা। সেই প্রথমবার নিউজরুমে আমাকে দেখলেন তিনি—আর প্রথম দর্শনেই তিনি দেখলেন, কাজ বাদ দিয়ে এক শিক্ষানবিশ কম্পিউটার দখল করে অন্য কিছুতে মগ্ন। ফল যা হওয়ার তা-ই হলো। অবশ্যম্ভাবী বকাটা নীরবে হজম করে কান লাল আর মাথা গরম করে ঠিক তার পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি আসলে কী করেন। কিন্তু কাজে তখন তিনি এতটাই বুঁদ হয়ে ছিলেন যে, পেছনে দাঁড়িয়ে থাকা আমার উপস্থিতি তার নজরেই পড়েনি। অবশেষে স্ক্রিপ্ট ফাইনাল করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে আমাকে চোখ-মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকেই গেলেন।

মাস ছয়েক পর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ক্লাস শুরু হলে আমার ডিউটি পড়ল বৈকালিক পালায়। বিকেলবেলার এই শিফট চিরকালই ছিল আমার চরম অপছন্দের। কিন্তু ক্লাসের ক্লান্তি পেরিয়ে বিকেল থেকে মধ্যরাত অবধি ডেস্কে ঘাড় গুঁজে কাজ করার রুটিনের মধ্য দিয়েই একসময় স্নাতক পরীক্ষা শেষ হলো।

আর পরীক্ষা শেষ হতেই হঠাৎ মাথায় ভূত চাপল—কর্মস্থল বদলাতে হবে। খেয়ালি তারুণ্যের চূড়ান্ত সীমায় গিয়ে কাউকে তোয়াক্কা না করে টানা কিছুদিন অফিস কামাই করে দেশের আনাচে-কানাচে চষে বেড়ালাম। সেই সফরের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি ছিল পঞ্চগড় অভিযান। দেশের একেবারে শেষ প্রান্তের সীমান্তঘেঁষা এক গ্রামে রাত কাটিয়ে পরদিন সকালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মুখোমুখি হয়েছিলাম। সকাল আটটার বুক চিরে নেমে আসা রাতের আঁধারে জ্বলজ্বলে তারা, অপার্থিব ‘ফায়ার রিং’ আর ‘ডায়মন্ড রিং’-এর সাক্ষী হওয়ার সেই অভিজ্ঞতা ছিল অবিস্মরণীয়।

ঘোরাঘুরি শেষ করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে কাছের কয়েকজন জ্যেষ্ঠ সহকর্মীর সঙ্গে শলাপরামর্শ করলাম। রীতিমতো পদত্যাগপত্র হাতে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অফিসে হাজির হলাম। কিন্তু সহকর্মীরা বললেন, “চাকরি ছাড়তে চাও ভালো কথা, তবে যাওয়ার আগে একবার তৌফিক ভাইয়ের সঙ্গে কথা বলে যাও।”

ধানমন্ডি ২৭ নম্বরে বিডিনিউজের তৎকালীন অফিসে সেদিনই প্রথমবার পা রাখলাম তার ব্যক্তিগত রুমটায়। আমাকে দেখে শান্ত গলায় বললেন, “তোমার কথা কে যেন বলল আমাকে, চাকরি ছাড়তে চাও। তুমি যদি সাংবাদিকতা বাদে অন্য কোনো পেশায় যেতে চাও, তবে ইউ আর ওয়েলকাম টু লিভ, অ্যান্ড গুড লাক ফর ইওর নেক্সট জব। কিন্তু তুমি যদি সাংবাদিকতাতেই থাকতে চাও, তবে আমার পরামর্শ হবে—তুমি বিডিনিউজেই থাক। এখানে যারা কাজ করছে, তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অন্যদের চেয়ে অনেক এগিয়ে; এখানে থাকলে তুমি সত্যিই শিখতে পারবে।”

সেই এক কথায় সব দ্বিধা উবে গেল। এরপর আরও সাড়ে চার বছর নিউজরুমের বিভিন্ন ডেস্কে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। কেন যেন শুধু স্পোর্টস ডেস্কের সঙ্গেই আমার ব্যাটে-বলে মেলেনি কখনো। এরই মধ্যে ২০১১ সালে ধানমন্ডি ২৭ নম্বর ছেড়ে মহাখালী বাণিজ্যিক এলাকায় স্থানান্তরিত হয় বিডিনিউজ কার্যালয়। বছরখানেক বাদে ঠিকানা সামান্য বদল করে একই এলাকায় বর্তমান ঠিকানায় উঠে আসে প্রতিষ্ঠানটি। বহুতল ভবনের ১৮ তলায় কাচঘেরা এই নিউজরুমটি আমৃত্যু আমার প্রিয় জায়গাগুলোর একটা হয়ে থাকবে।

ডেস্কে টানা পাঁচ বছর কাজ করার পর একদিন হঠাৎই তৌফিক ভাই এসে জিজ্ঞেস করলেন, “তুমি এত ঘুরে বেড়াও এখানে-সেখানে, তোমার কি রিপোর্টিং করতে ইচ্ছে করে না?”

জীবনযাপনে অনিয়মের কারণে ঠিক সে বছরই আচমকা আমার মেরুদণ্ডে জটিলতা দেখা দিয়েছিল। প্রশ্নে খানিকটা থতমত খেয়ে সেই অসুস্থতার অজুহাত টেনে কিছু একটা বলতে শুরু করতেই আমার মুখের কথা কেড়ে নিয়ে তিনি বললেন, “অসুস্থ ছিলে বলেই এ নিয়ে ভাবোনি? এখন কী মনে হয়, করতে চাও রিপোর্টিং?”

তখন আরেকটি লম্বা ছুটি নিয়ে দেশভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমি, আর সে খবরও তার অজানা ছিল না। আমাকে ইতস্তত করতে দেখে তিনিই অভয় দিয়ে বললেন, “আচ্ছা, ছুটিটা কাটিয়ে এসো; তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আমাকে জানিও।”

আসলে রিপোর্টিংয়ের আগ্রহ আমি অফিসে জানিয়ে রেখেছিলাম আরও বছর তিনেক আগেই। তাই এবার সিদ্ধান্ত নিতে সময় চাওয়ার মূল কারণ ছিল কেবল নিশ্চিন্তে ছুটিটা উপভোগ করা। নানা সমীকরণে সে সময় মাঠে নামা হয়নি সত্যি, আর সেই দেরির কারণে তৈরি হওয়া অভিজ্ঞতার শূন্যতাটুকু আজও আমাকে কিছুটা পোড়ায়। তবে তৌফিক ভাই নিজ উদ্যোগে টেনে না তুললে সাংবাদিক জীবনে নিউজরুমের চার দেয়ালের বাইরে মাঠের লড়াইয়ের স্বাদ হয়তো আমার আর কখনো পাওয়াই হতো না।

ছুটি শেষে ২০১৩ সালের জানুয়ারির মাঝামাঝি পুরোদমে রিপোর্টিং টিমে যুক্ত হলাম। অল্প দিনের মধ্যেই তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাভার করার মতো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ল কাঁধে। এরপর ২০১৫ সালের জুলাইয়ে বিডিনিউজকে বিদায় জানানোর আগ পর্যন্ত মূলত এই স্পর্শকাতর বিটেই কাজ করেছি।

কাজ নিয়ে তৌফিক ভাইয়ের সঙ্গে আলাপ খুব বেশি হয়নি এ সময়ের মধ্যে। তবে সাপ্তাহিক মিটিংয়ে দু-একবার বিশেষ প্রতিবেদন নিয়ে প্রশংসা করেছিলেন, সেগুলোও আবার আমার সামনে বসে শোনা হয়নি। তবে তিনি একবার এক মিটিংয়েই বলেছিলেন, “আমার মনে হয় তিন্নিকে আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারছি না। ওকে দিয়ে আরও অনেক ভালো কাজ করানো সম্ভব, কিন্তু করানো হচ্ছে না।”

Image

২০১৫ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফ্যামিলি ডে রিভার ক্রুজে পিএস অস্ট্রিচে কয়েকজন সহকর্মীর সঙ্গে তৌফিক ইমরোজ খালিদী।

আমার আত্মবিশ্বাস যতটা না ছিল নিজের ওপর, আমাকে নিয়ে বরাবরই তার চেয়েও বেশি আত্মবিশ্বাসী ছিলেন তৌফিক ভাই। এর মধ্যে যেদিন আবিষ্কার করলাম যে আমার লেখা শিরোনামসহ পুরো প্রতিবেদনটি কমা-দাঁড়িসহ একবিন্দু না বদলে হুবহু ওয়েবসাইটের পাতায় উঠে পড়েছে, সেদিন প্রথমে খুশি হলেও মিনিট পাঁচেকের মধ্যেই এক গভীর দুশ্চিন্তায় পড়ে গেলাম। এখন তো আর ফাঁকিবাজির অথবা ভুল করার চুল পরিমাণ সুযোগও থাকল না। নির্ভুল সংবাদ পরিবেশনের জন্য যে সুনাম বিডিনিউজের, তা নিজের কাঁধে নতুন করে উপলব্ধি করে কাজ করলাম—বিন্দুমাত্র বিচ্যুতি যেন না ঘটে, সেই চেষ্টার প্রতিজ্ঞা নিয়ে।

২০১৫ সালের জুলাই মাসে আমার বিডিনিউজ ছেড়ে যাওয়ার ঘটনাটাও অনেকটাই বাড়ির কারো সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে বের হয়ে যাওয়ার মতোই। এরপরে সেই সময়ে আমাকে ফিরে আসার জন্য যারা অনুরোধ করেছিলেন, তারা প্রত্যেকেই আমার অভিমানী লেকচার শুনে রণে ভঙ্গ দিয়েছেন। তৌফিক ভাইয়ের কথা বলেও পার পাননি সে সময় তারা। তার চিরপ্রস্থানের পরেও আমি শুনছি, পরবর্তী সময়ে যতদিন আমি বিডিনিউজে আসতামই না, তখনো তিনি প্রায়ই আমার খোঁজখবর নিতেন।

Image

২০১৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীতে।

২০২০ সালে কোভিড মহামারিতে সারা দুনিয়া থেমে যাওয়ার ঠিক আগের সময়ে আমি সাংবাদিকতা ছেড়ে কাজের জায়গা বদলে উন্নয়ন যোগাযোগ খাতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিই। এর ঠিক আগের সময়টাতে আমি ২৪ ঘণ্টার সংবাদ টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজে’ কাজ করতাম। ২০১৯ সালের শেষের দিকে একবার বিডিনিউজে আবারও ফিরে আসার সুযোগ তৈরি হলেও কোভিড মহামারি এবং পরবর্তীতে তৌফিক ভাইয়ের নামে দুদকের হয়রানিমূলক মামলার কারণে সেটা বাস্তবে আর ঘটেনি। ডিবিসি নিউজ ছাড়ি আমি ২০২০ সালের জানুয়ারি মাসে, আর মার্চ মাসের ২৫ তারিখ থেকে সাধারণ ছুটি ঘোষণা হওয়ার ঠিক আগের দিন বিকেলে আমার বাবা মারা যান। এরপর একটা লম্বা সময় বেকার জীবন কাটিয়েছি, যা আসলে আমার দ্বিতীয় বেকার জীবন। বিডিনিউজ ছেড়ে যাওয়ার পরও একটা লম্বা সময় সচেতন সিদ্ধান্ত নিয়েই বেকার ছিলাম ২০১৬ সালে ডিবিসি নিউজে কাজ শুরু করার আগে।

২০২১ সালে একটি বেসরকারি সংস্থায় যোগাযোগ পরামর্শক হিসেবে কাজ শুরু করার মাস দেড়েক পরে আমি বিডিনিউজে আসি। সেদিন সংসদে বাজেট উপস্থাপনের দিন ছিল, তাই সবাই অফিসে থাকবে জেনেই দেখা করতে আসা। বিকেলে নিউজরুমে ঢুকে সবার সঙ্গে গল্প করতে করতে রাত ৯টা বেজে গেল। ওই সময় অন্তু ভাই (গোলাম মর্তুজা অন্তু) অফিসের রাতের খাবারের আয়োজনে আমাকে ধরে নিয়ে যাওয়ার পথে লিফটের সামনে তৌফিক ভাইকে দেখে আমি প্রথমে লুকিয়েই পড়েছিলাম। সে সময় মামলার হয়রানির ফলে তার শরীর ভীষণ ভেঙে পড়েছিল, চোখে খুব ভালো দেখতে পেতেন না। অন্তু ভাই সাহস দেওয়ার পরে তার সামনে গিয়ে সালাম দিতেই তিনি দূর থেকে আমাকে চিনে ফেলে প্রায় দৌড়ে চলে আসলেন আমার সামনে। তার সেই প্রাণোচ্ছলতা আমার বাড়ি ফেরার আনন্দ বাড়িয়ে দেয় হাজার কোটি গুণ। বাসায় ফেরা ভুলে অন্তু ভাই আর আমার সঙ্গে গল্প করেই কাটিয়ে দিলেন পরবর্তী দুই-আড়াই ঘণ্টা। এর মধ্যে আমার আম্মা ফোনে কল দিলে আমি কথা বলার মাঝেই তিনি বলে উঠলেন, “আরে মাকে বলো, অনেক দিন পরে বাবার সঙ্গে মেয়ের দেখা হয়েছে, দেরি তো হবেই আজ।”

প্রিয় জায়গা বিডিনিউজের এই অফিস এরপর থেকে প্রাতিষ্ঠানিকভাবেই হয়ে গেল আমার বাপের বাড়ি। যেকোনো দিন, যেকোনো সময়ে এই অফিসে ঢুকে পড়তে আমাকে আর খুব বেশি চিন্তাভাবনা করতে হতো না। আর তৌফিক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলে কয়েক ঘণ্টা আড্ডা দেওয়া ছিল একেবারেই স্বাভাবিক ঘটনা। আম্মা ফোন করলে ‘বিডিনিউজে আছি’ বললে বিনা বাক্যব্যয়ে ফোন রেখে দিতেন মা-ও। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনগুলো ছিল আমার কাছে ঈদের দিনের মতো। ২০২৪ সালে তার জন্মদিনের আগের দিন অফিসে কেক কাটার পর আমাদের ফুচকা আর আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন তার পছন্দের জায়গাগুলোতে; আমাকে বাড়ি পৌঁছে দিলেন নিজের গাড়িতে করেই। অনেক দিন পর মনে হলো—আব্বা যেমন হুট করে আম্মা, ভাই আর আমাকে নিয়ে বাইরে খাওয়া-দাওয়া করতে বের হতেন, ঠিক সেই রকমই যেন।

ওই বছর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর পরপরই তৌফিক ভাইয়ের ডাকে আবারও বিডিনিউজে কাজ শুরু করি, তবে খণ্ডকালীন হিসেবে। মাল্টিমিডিয়া বিভাগটি সামলানোর দায়িত্ব দেন আমাকে। পরবর্তী মাস ছয়েক বিভিন্ন বিষয়ে মাঝেমধ্যেই কথা হতো। একদিন কথায় কথায় চরম ক্ষোভ ও বিরক্তি নিয়ে বলেই ফেললেন, “আমাকে বলো, এইগুলা সব বাদ দিয়ে আমি লন্ডন চলে যাই। ওখানে আমি এখনো যা করতে পারব, তাতে এখানকার চেয়ে অনেক ভালো থাকতে পারব। এখনো অনেকে আমাকে কাজের জন্য সেখানে ডাকছে। কিন্তু এইসব ফেলে আমি যেতে পারি না। বলো, চলে যাব?” কথাগুলো শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলাম; যতদূর মনে পড়ে, কোনো উত্তর দিতে পারিনি সম্ভবত।

মাস দুয়েকের মধ্যেই অন্য চাকরির প্রজেক্ট ক্লোজিং, শারীরিক অসুস্থতাসহ দেশের সামগ্রিক অস্থিরতায় নিউজরুমে নিয়মিত হওয়ার মতো মানসিক শক্তি আর সঞ্চয় করতে পারলাম না। বরং ইউএসএআইডির প্রকল্প শেষ করে তৃতীয় বেকার জীবনটা আগের চেয়েও দীর্ঘ করার ইচ্ছা নিয়ে অলস সময় কাটাতে কাটাতে আফ্রিকা মহাদেশে জীবনের প্রথম পর্বতারোহণে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়লাম। দেশ ছাড়ার আগে তৌফিক ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলেও সময়-সুযোগের অভাবে আর দেখা করা হয়ে ওঠেনি। ফিরে এসে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্যামিলি ডে-র অনুষ্ঠানে হাজির হলাম একদম শেষের দিকে। সেদিন রাতেও তিনি তার গাড়িতে কাউকে এগিয়ে দিতে চান কি না জানতে চাইলেন; আমরা নিজেরা গল্প করতে করতে অন্য গাড়িতে যার যার বাড়ি ফিরে গেলাম।

শেষবার তার সঙ্গে দেখা হয় জাতীয় নির্বাচনের দিন। মেরুদণ্ডের তীব্র সমস্যা নিয়ে বেশিক্ষণ বসে থাকা আমার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক ছিল, তবুও দেখা করার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম। প্রচণ্ড ব্যস্ততার মাঝে মিনিট দুয়েকের জন্য দেখা হতেই তিনি স্নিগ্ধ হেসে বললেন, “এমন একটা দিনে তুমি আসলা, কথাই তো বলা যাচ্ছে না!” আমি বললাম, “সমস্যা নেই তৌফিক ভাই, আমি তো কেবল আপনাকে একনজর দেখতেই এসেছি।”

এরপর আবারও তৌফিক ভাইয়ের সঙ্গে দেখা হবে—এই গভীর প্রত্যাশা নিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে শরীরটা মাত্র কিছুটা সুস্থ হতে শুরু করায় অনেক পরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলোচনা করার কথা ছিল।

আজ আমি যে ডানায় ভর করে আকাশে উড়ি, সেই ডানা যদি আমাকে আমার মা-বাবা দিয়ে থাকেন, তবে সেই ডানায় নানা রঙের উজ্জ্বল পালক গুঁজে আকাশ ছোঁয়ার মতো শক্ত করে গড়ে তুলেছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আড়ালে তৌফিক ইমরোজ খালিদী স্বয়ং। এক জীবনে সত্যি সত্যিই দ্বিতীয়বার বাবা হারালাম আমি।

কাজী শাহরিন হক: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক কর্মী।

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।