২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে মোহামেডানকে প্রথম হারের স্বাদ দিল রহমতগঞ্জ

শুরুতে শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে যাওয়া মোহামেডান পরে খেই হারিয়ে ফেলে।

লিগে মোহামেডানকে প্রথম হারের স্বাদ দিল রহমতগঞ্জ

রহমতগঞ্জ-মোহামেডান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 06:03 PM

Updated : 27 Nov 2026, 06:03 PM

কুশল দৈউবার ফ্রি কিক ক্লিয়ার করতে পারল না মোহামেডানের রক্ষণভাগ। শরীর শুন্যে ভাসিয়ে দৃষ্টিনন্দন সাইড ভলিতে জাল খুঁজে নিলেন প্রিন্স আনশাহ। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে, দারুণ জয়ের আনন্দে ভাসল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ। চলতি লিগে এটাই মোহামেডানের প্রথম হার।

শাহরিয়ার ইমনের গোলে রহমতগঞ্জ এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে ইব্রাহিমা সেনে সমতা ফেরান। এরপর ওই চমৎকার গোলে প্রিন্স গড়ে দেন ম্যাচের ভাগ্য।

লিগে টানা চার ম্যাচ জয়ের পর প্রথমবার হারল মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। তিন ড্রয়ের পর, টানা দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ।

মানিকগঞ্জে শুরুটা দারুণ হয় মোহামেডানের। ষষ্ঠ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন ইমন। এরপর নিখুঁত শটে গোলকিপারের পাশ দিয়ে জালে বল পাঠান এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বদলে যেতে থাকে ম্যাচের দৃশ্যপট। আক্রমণাত্মক খেলে সমতা টানে রহমতগঞ্জ। সতীর্থের লম্বা ক্রস ধরে কোনাকুনি শট নেন ইব্রাহিমা, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

আত্মবিশ্বাসী হয়ে ওঠা রহমতগঞ্জ এগিয়ে যায় ৬১তম মিনিটে। দেউবার ফ্রি কিকের পর বক্সে সতীর্থের হেড পাস পেয়ে ওই অসাধারণ ভলিতে জিকোকে পরাস্ত করেন ঘানার ফরোয়ার্ড প্রিন্স।

৮০তম মিনিটে প্রিন্সের শট ক্রসবার ফিরিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি। সমতায় ফিরতে মরিয়া মোহামেডানের সামনেও সুযোগ আসে ছয় মিনিট পর। তবে, বক্সের ভেতর থেকে জুয়েল মিয়ার হেড দারুণ ক্ষিপ্রতায় আটকে তাদের হতাশ করেন গোলকিপার মামুন আলিফ।