২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দিনে সোনার দাম ভরিতে বাড়ল ২১০০ টাকা

সোনার দাম কমতে কমতে গত ২১ নভেম্বর ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 06:01 PM

Updated : 27 Nov 2026, 06:01 PM

এক দিনের ব্যবধানে সোনার দাম আবার বাড়ল। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আর তাতে ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।

শুক্রবার থেকে সারা দেশে নতুন এই দরে বিক্রি হচ্ছে।

আগের দিন বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে একই পরিমাণ বাড়ানো হয়েছিল; ভরি উঠেছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়।

এ নিয়ে দুই দিনে এই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়ল।

বুধবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস; ভরি নেমেছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।

তার আগে দুই দিনে দুই দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছিল। এর মধ্যে সোমবার বেড়েছিল ৩ হাজার ১৪৯ টাকা; মঙ্গলবার বাড়ে ১ হাজার ৫৭৫ টাকা।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও টানা পড়ছিল সোনার দর। দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেটের সোনার দাম ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল। ওই পতনে এক বছর পর গত ২২ নভেম্বর ২২ ক্যারেট মানের সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মত ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়ায়।

এর পর আরও কয়েক দফা বেড়ে ২০ অক্টোবর ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। এর পর নিম্নমুখী হয় বাজার; ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে আসে।

একদিন না যেতেই ৩০ অক্টোবর ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়; ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় ওঠে।

এর পর থেকে ২ লাখ টাকার ওপরেই ছিল ২২ ক্যারেট সোনার ভরি।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত ওঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।

এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

কতটা বাড়ল

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ছুটির দিন শুক্রবার হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৭ হাজার ৫৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬৩হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার সারা দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট মানের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকায়।

১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটের ৮৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭০০ টাকা বেড়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

যেভাবে ২ লাখ টাকার নিচে ভরি

তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় ওঠেছিল।

পরদিন ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তাতে দাম নেমে আসে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা; ভরি নামে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা; ভরি দাম কমে দাঁড়ায় ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা; তাতে ভরি নেমে আসে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। পরের দিন ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; প্রতি ভরি সোনার দাম নেমে আসে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়। পরের দিন ১৯ নভেম্বর একই পরিমাণ কমানো হয়; ভরি নামে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়।

২০ নভেম্বর কমানো হয় রেকর্ড পরিমাণ ১০ হাজার ৯৬৪ টাকা; তাতে ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়।

একদিন না যেতেই ২১ নভেম্বর আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়; আর তাতেই ভরি ২ লাখ টাকার নিচে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নেমে এসেছিল।

সব মিলিয়ে দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল।

বিশ্ববাজার ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে সোনার দার ফের চড়তে শুরু করেছে। শুক্রবার ৩ শতাংশের মত বেড়েছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম এক পর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম হয় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে (আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম) সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দর আরও বেড়েছিল।

তবে ১০ নভেম্বর বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। পরের দিন (১১ নভেম্বর) কিছুটা ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু।

এর পর থেকে পতনের ধারাতেই ছিল। গত কয়েক দিন ওঠানামা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর শুক্রবার ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম। এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।

মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতায় সাময়িক বিরতি এবং শেয়ারবাজারের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় মূল্যবান এই ধাতুর দাম বাড়তে সহায়তা করেছে।

শুক্রবার বাংলাদেশ সময় ১৪টা ৩৫ মিনিট (জিএমটি ০৮টা ৩৫ মিনিট) পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে।

এর আগে বুধবার ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্য ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

দেশের বাজারে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। প্রতি ভরি কিনতে লাগছে ৩ হাজার ৩৩ টাকা।