২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের টানা জয় নিয়ে ‘চিন্তিত নন’ বার্সেলোনা কোচ

হান্সি ফ্লিক আবারও স্পষ্ট করে বললেন, কেবল নিজের দল এবং সামনের চ্যালেঞ্জ নিয়েই ভাবছেন তিনি।

রেয়াল মাদ্রিদের টানা জয় নিয়ে ‘চিন্তিত নন’ বার্সেলোনা কোচ

হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 10:32 PM

Updated : 21 Nov 2026, 11:10 PM

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে দারুণ ছন্দে আছে রেয়াল মাদ্রিদ। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের টানা জয়ের ধারা নিয়ে মোটেও চিন্তিত নন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ আবারও স্পষ্ট করে বললেন, কেবল নিজের দল এবং সামনের চ্যালেঞ্জ নিয়েই ভাবছেন তিনি।

লা লিগায় রোববার ঘরের মাঠে ভিয়ারেয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কাতালান দলটি। ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রেয়াল মাদ্রিদ শনিবার সেল্তা ভিগোকে হারাতে পারলে পয়েন্টের হিসাবে শিরোপাধারীদের ছুঁয়ে ফেলবে।

ফ্লিকের শনিবারের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় রেয়ালকে নিয়ে। জুজে মরিনিয়োর দল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতেছে, যার মধ্যে আছে গত মাসে ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে জয়ও। তবে ফ্লিকের কাছে দলের সেই হার এখন অতীত।

“রেয়াল মাদ্রিদ, আতলেতিকো, বেতিস, তারা সবাই দারুণ দল। লা লিগা বেশ কঠিন একটি লিগ। আমরা এখনও ভিয়ারেয়ালকে নিয়ে আলোচনা করিনি। এখন আমাদের সামনে ভিয়ারেয়াল; ইনিগো পেরেসের মতো ভালো একজন কোচসহ তারা দারুণ দল।

“রেয়াল মাদ্রিদকে নিয়ে এই মুহূর্তে আমি মোটেও চিন্তিত নই; তারা আমাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর ওই ম্যাচ (ক্লাসিকো) তো এখন অতীত।”

বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্লিক বারবার বুঝিয়ে দিয়েছেন যে, রেয়াল মাদ্রিদ কী করছে, তা নিয়ে তিনি মোটেও মাথা ঘামান না।