২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

‘প্রতিশোধ নিতে মরিয়া’ রেয়ালকে নিয়ে রদ্রির সতর্কবার্তা

বার্সেলোনার এই মিডফিল্ডারের মতে, তাদেরকে হারাতে সর্বস্ব উজাড় করে দেবে চিরপ্রতিদ্বন্দ্বীরা।

‘প্রতিশোধ নিতে মরিয়া’ রেয়ালকে নিয়ে রদ্রির সতর্কবার্তা

বার্সেলোনা মিডফিল্ডার রদ্রি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Oct 2026, 06:11 PM

Updated : 24 Oct 2026, 06:45 PM

ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের সাম্প্রতিক অভিজ্ঞতা ভালো নয়। বার্সেলোনার বিপক্ষে সবশেষ সাত ম্যাচের কেবল একটিতে জিততে পেরেছে তারা। সেই ক্ষতে এবার প্রলেপ দিতে মরিয়ে থাকবে রেয়াল, মনে করছেন রদ্রি। তাই প্রতিপক্ষ নিয়ে সতীর্থদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

লা লিগায় আগামী রোববার বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে মাঠের লড়াই।

বার্সেলোনার বিপক্ষে সবশেষ ১০ ম্যাচের চারটিতে জিতেছে রেয়াল। ২০২৪ সালের এপ্রিলে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারানোর পর আরেকটি জয়ের জন্য পাঁচ ম্যাচ অপেক্ষা করতে হয় তাদের। কাতালান ক্লাবটির বিপক্ষে রেয়ালের সবশেষ জয় গত বছরের অক্টোবরে, লা লিগায় ২-১ ব্যবধানে।

গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে রেয়াল মাদ্রিদ। আর গত মে মাসে লা লিগায় ২-০ ব্যবধানে পরাজয়ের তেতো স্বাদ।

চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোয় বার্সেলোনাকে হারাতে মরিয়া থাকবে ‘আহত’ রেয়াল। রদ্রি তাই দলকে প্রতিপক্ষে সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

“আমাদের চেয়ে তাদের খেলার ধরন আলাদা। তবে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা সবসময়ই থাকে। আর এ ধরনের ম্যাচে তা আরও বেশি দেখা যায়। তাই আমরা আশা করছি, রেয়াল মাদ্রিদ নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে।

“আমার মনে হয়, সবশেষ ছয় কিংবা সাতটি ক্লাসিকোয় তারা কেবল একটি জিতেছে। তাই তারা প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকবে।”

আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে গিয়ে সাফল্যে ঠাসা এক সময় সময় কাটান রদ্রি। ইংলিশ ক্লাবটি থেকে এবারের মৌসুমের আগে দিয়ে বার্সেলোনায় যোগ দেন তিনি। লম্বা সময় পর স্প্যানিশ ফুটবলে ফিরে ভালো লাগার কথা অনেকবারই বলেছেন এই ফুটবলার।

প্রথমবারের ক্লাসিকো খেলতে মুখিয়ে আছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি।

“স্প্যানিশ ফুটবলে ফেরা এবং ক্লাসিকোর অভিজ্ঞতা নেওয়া দারুণ আনন্দের, বিশেষ করে বিশ্বজুড়ে এই ম্যাচের গুরুত্ব বিবেচনায়… আমি ভাগ্যবান যে এখানে ফিরে আসতে পেরেছি এবং এমন ম্যাচগুলো খেলার সুযোগ পেয়েছি, যেগুলো আপনাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ক্লাসিকো দেখতে গোটা বিশ্ব থমকে যায়। আশা করি, ম্যাচটি আমাদের জন্য ভালো হবে।”