চোট পেয়ে বাইরে এন্দ্রিক
চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে লড়াইসহ সামনের আরও কয়েকটি ম্যাচ মিস করতে পারেন রেয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড।
ঊরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিক।
এই তরুণ ব্রাজিলিয়ানের চোট পাওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে মাদ্রিদের ক্লাবটি। তাদের বিবৃতিতে এন্দ্রিকের ফেরার সম্ভাব্য সময়ের কথা বলা হয়নি।
তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, দুই থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হবে এন্দ্রিককে।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে রেয়াল। এটি ছাড়াও লা লিগায় আলাভেস, রেয়াল সোসিয়েদাদ, আথলেতিক বিলবাও ও ওসাসুনা এবং ইউরোপ সেরা প্রতিযোগিতায় আর্সেনালের বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন এন্দ্রিক।
রেয়ালের গত চারটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন এন্দ্রিক। চলতি মৌসুমে দলটির হয়ে আট ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ২০ বছর বয়সি এই ফুটবলার।
চোটের কারণে রেয়ালের আরও তিন জন খেলোয়াড় বাইরে আছেন; ফেরলঁদ মঁদি, রাউল আসেন্সিও ও রদ্রিগো।
