প্রান্তিক জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
স্বাস্থ্যসেবার মান বাড়াতেও গুরুত্বারোপ করেছেন তিনি।
প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেছেন, দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানান।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন, পরিবার পরিকল্পনা জোরদার করতে এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে এবং হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।
