মাদকমুক্ত জাতি গঠনে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুস্থ জাতি গঠন ও তরুণ প্রজন্মকে নানা আসক্তি থেকে রক্ষা করার একমাত্র পথ- খেলাধুলা।
জাতীয় সামার অ্যাথলেটিক্সের উদ্বোধন অনুষ্ঠানে এসে একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে বেরিয়ে মাঠমুখী হওয়ার আহ্বানও জানালেন তিনি।
জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে সবচেয়ে বর্তমান সরকারের প্রচেষ্টা এবং ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের শক্তি ও উৎসাহ জোগানোর কথা তুলে ধরেন। প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণও করেন তিনি।
“তিনি (আরাফাত রহমান কোকো) শুধু একজন ভালো সংগঠকই ছিলেন না, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অনন্য অবদান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ক্রীড়ানুরাগী। অ্যাথলেটিক্স হচ্ছে ক্রীড়ার জননী। একটি সুস্থ জাতি গঠন এবং তরুণ প্রজন্মকে বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করার একটাই পথ-মাঠে খেলাধুলা করা।”
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তিনি তুলে ধরেন আক্ষেপের সুরে।
“আর কত দিন আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব? আমাদের নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে এবং নিজেদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সফল করে তুলতে হবে।”
রাষ্ট্রপতি বলেন, ‘‘ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত বাজানো পুরো জাতির জন্য গর্বের বিষয়। তখন আমাদের একটাই পরিচয় … আমরা বাংলাদেশি।
‘‘দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তৃমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। “
নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে স্কুল পর্যায়ে ‘ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন’ দ্রুত চালুর পরামর্শ দেন রাষ্ট্রপতি।
পাশাপাশি, বিশ্বমানের অ্যাথলেট গড়ে তুলতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ক্রীড়ার দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সুস্থ জাতি গঠনে মাঠ ও খেলাধুলার প্রসার জরুরি।
জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও সুমিতা রানী।
এরপর খেলোয়াড় ও বিচারকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় সুষ্ঠুভাবে অংশগ্রহণের শপথ বাক্য পাঠ করানো হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা ওঠে এই প্রতিযোগিতার।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, যুব ও ক্রীড়া সচিব মাহফুজুর রহমান খান, অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন।
