শুকুর চিকিৎসায় ‘ডুবসাঁতার’ এর বিশেষ প্রদর্শনী
বর্তমানে গুলশানে কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
চিকিৎসাধীন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
চ্যানেল আই এর নেওয়া বিশেষ এ উদ্যোগে শুকুর স্বামী নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’ দেখানো হবে।
বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, আগামী শনিবার বিকেল পৌনে ৫টায় প্রচার হবে সিনেমাটি। এ প্রদর্শনীর বিজ্ঞাপনচিত্র প্রচার থেকে পাওয়া সব অর্থ ব্যয় করা হবে শুকুর চিকিৎসায়।
ক্যানসার ও কিডনি জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ নাট্যকার শুকু। তিনি বর্তমানে রাজধানীর গুলশানে কন্টিনেন্টাল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
শুকুর ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু বলেন, গত শনিবার সকালে অবস্থার অবনতি হয়।
“অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। তার জ্ঞান এখনো আছে। তবে শরীরে ক্যান্সার ছড়িয়েছে।”
এমন পরিস্থিতিতে চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।
বর্তমানে যে হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানে ব্যয় অনেক বেশি। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টিও ভাবছেন তারা।
এদিকে মাতিয়া বানু শুকুর চিকিৎসায় সহযোগিতার জন্য বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তার পরিবার।
দেড় বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। গত ১৪ মাসে চেন্নাই ও ঢাকায় চিকিৎসাবাবদ ৬৫ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। সামনের চিকিৎসা আরও অনেক বেশি ব্যয়সাপেক্ষ।
তার চিকিৎসায় দেশ ও দেশের বাইরে থেকে আর্থিক সহায়তা পাঠাতে তার নির্মাতা স্বামী আতিকের ব্যাংক হিসাব ব্যবহার করতে পারেন শুভাকাঙ্ক্ষীরা।
ব্যাংক হিসাবের তথ্য
হিসাবের নাম: Nurul Alam Atique
হিসাব নম্বর: 2801137484001
ব্যাংক: City Bank
শাখা: Uttara
রাউটিং নম্বর: 225264634
সুইফট কোড: CIBLBDDH
