পাকিস্তানের ইমরান খানকে ‘চিকিৎসার পর ফের কারাগারে নেওয়া হয়েছে’
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের চোখ পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর হয়েছে।
বুধবার এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের চোখ পরীক্ষার জন্য তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এ নিয়ে যাওয়া হয়েছিল।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “তার রক্তচাপ সংক্রান্ত কিছু সমস্যা ছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে আবার তার কারাকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”
২০২২ সালে পার্লামেন্টের এক অনাস্থা ভোটে ক্ষমতা হারান সাবেক তারকা ক্রিকেটার ইমরান। তারপর থেকে দুর্নীতির একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন তিনি এবং তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন।
ইমরানের বিরুদ্ধে একটি বাদে সব সাজাই স্থগিত বা বাতিল করা হয়েছে আর এগুলোর বিরুদ্ধে আপিল প্রক্রিয়াধীন আছে। ইমরান তার বিরুদ্ধে আনা সব অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি, তার বিরুদ্ধে দেওয়া মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইমরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
ইমরানের আইনজীবীরা বলেছেন, কারাবন্দি ৭৪ বছর বয়সী এই নেতার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে, তিনি তার ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হরিয়ে ফেলেছেন।
এর আগে আগাস্টে তাকে একবার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও সুরক্ষাজনিত কারণে সেই সফরটি মাঝপথেই বাতিল করে তাকে দ্রুত কারাগারে ফেরত পাঠানো হয়েছিল। তারপর থেকে এই প্রথম তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হল।
ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রী ও আইনি দলকে তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের এক আদালত।
মঙ্গলবার পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি রাওয়ালপিন্ডির একটি কারাগার থেকে লাহোরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কোরেশি এখনও হাসপাতালেই আছেন।
