স্ত্রীকে না পেয়ে স্বামীকে নিয়ে যাচ্ছিল পুলিশ, ‘লুটিয়ে পড়ে’ মারাই গেলেন
ওসির দাবি, পুলিশ গিয়েছিল শুধু মামলার তদন্ত করতে। বিষয়টি নিয়ে একটি পক্ষ ‘গুজব’ ছড়াচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীর বিরুদ্ধে হওয়া একটি মামলার তদন্তে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে স্বামীকে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। তার মধ্যেই ‘লুটিয়ে পড়ে’ প্রাণ গেছে ওই ব্যক্তির।
পরিবারের অভিযোগ, পুলিশ মো. শহীদকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে পুলিশের দাবি, গ্রেপ্তার বা ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি।
বুধবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। শহীদের বয়স ৬২ বছর।
পরিবারের সদস্যদের ভাষ্য, জমিজমা নিয়ে বিরোধের জেরে শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলার তদন্তে সীতাকুণ্ড থানার এসআই মো. সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের বাড়িতে যায়।
সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে পুলিশ তার স্বামী শহীদকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। এ সময় বিনা ওয়ারেন্টে তাকে কেন নেওয়া হচ্ছে, তা নিয়ে পুলিশের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।
পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমার বড় ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নাই, উনারে ধরছেন কেন? কোনো কিছু হলে আপনাদের দোষ। তিনবার স্ট্রোক করছেন তিনি।”
অভিযোগের বিষয়ে অভিযানে থাকা এসআই সাব্বিরের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তবে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা পুলিশের একটি দল একটি মামলার তদন্তে সেখানে গিয়েছিল। স্থানীয়দের কাছে সাবেরা খাতুনের বাড়ির ঠিকানা জানতে চাইলে তারা শহীদকে তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন।
ওসি বলেন, তদন্ত কর্মকর্তা শহীদের কাছে তার স্ত্রী কোথায় আছেন এবং কী কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা জানতে চান। এ বিষয়ে কথা বলতে তাকে পুলিশের সঙ্গে যেতে বলা হয়।
মহিনুল ইসলামের ভাষ্য, রাস্তা সরু হওয়ায় পুলিশ বাড়ির সামনে গাড়ি রাখতে পারেনি। বাড়ির কিছুটা আগে গাড়ি রেখে পুলিশ সদস্যরা হেঁটে সেখানে যান।
ফেরার সময় শহীদ ও তার ছেলে সামনে এবং পুলিশ সদস্যরা পেছনে ছিলেন। এ সময় ‘হঠাৎ’ শহীদ মাটিতে পড়ে যান। পুলিশ সদস্যরাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসির ভাষ্য।
তিনি বলেন, “শুনেছি শহীদের আগেও একাধিকবার স্ট্রোক করেছিল। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। একটি পক্ষ এটা নিয়ে গুজব ছড়াচ্ছে। পরিবার যদি অভিযোগ করে, বিষয়টি আমরা অবশ্যই তদন্ত করব।”
