২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে দোকানিকে ধাওয়া করে গুলি

“হামলাকারীরা ডেভিড ইমন ও গলাকাটা মোবারকের অনুসারী, তাদের আমরা শনাক্ত করেছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 02:13 PM

Updated : 23 Nov 2026, 02:13 PM

চট্টগ্রামের ফটিকছড়ি এক ব্যবসায়ীকে দোকানে এসে গুলি করার ঘটনা ঘটেছে।

উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আহত ব্যবসায়ীর নাম নুরুল আবসার (৪৫)। তিনি কাঞ্চননগরে বাসিন্দা। স্থানীয়রা বলছেন, আহত নুরুল আবসারের দিঘির পাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকান আছে। আবার বিভিন্ন সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্যও দিতেন।

পুলিশের দাবি সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দেওয়ায় ‘ডেভিড ইমনের অনুসারীরা আবসারকে গুলি করেছে’। হামলাকারীদের পরিচয় শনাক্ত করার কথাও পুলিশ জানিয়েছে।

ঘটনার সময়ের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে একটি লাল রঙের মোটর সাইকেলে করে ৩ জন এসে আবসারের দোকানের সামনে দাঁড়ায়। এসময় তাদের দেখে আবসার দোকান থেকে বের হয়ে দৌঁড় দেন।

বাইক থেকে নেমে একজন সরাসরি পিন্তল দিয়ে আবসারকে লক্ষ্য করে গুলি করে। আবসার দৌঁড়ে চলে গেলে তাকে পেছন পেছন একজন বড় অস্ত্র ও একজন হাতে পিস্তল নিয়ে ধাওয়া করে। পরে ফিরে এসে একজন শটগানে গুলি ভরে ফাঁকা গুলি ছোঁড়ে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকানে বসে থাকা অবস্থায় অবসারকে কয়েকজন সন্ত্রাসী বাইকে করে এসে গুলি করে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি শটগানের গুলির খোসা জব্দ করেছি।”

আবসারের উরু ও বুকের পাশে গুলি লেগেছে বলে জানিয়েছে তিনি।

আহত ব্যবসায়ী আবসার পুলিশের সোর্স কি না প্রশ্নে তারেক আজিজ বলেন, “তিনি বিভিন্ন সময়ে পুলিশকে সহায়তা করতেন। তবে হামলাকারীরা ডেভিড ইমন ও গলাকাটা মোবারকের অনুসারী। তাদের আমরা শনাক্ত করেছি।”

স্থানীয়রা বলছে, গত ২৬ অগাস্ট গোলাগুলির পর পুলিশের হাতে গ্রেপ্তার মোবারক হোসেন ওরফে গলাকাটা মোবারককের বিষয়ে আবসার বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা বলে শোনা গেছে।

এ কারণে গ্রেপ্তার ডেভিড ইমনের সহযোগীরা আবসারের উপরে ক্ষুব্ধ ছিলেন বলেও স্থানীয়দের ভাষ্য।

পুরনো খবর:

পুলিশের সঙ্গে ‘গোলাগুলির’ পর বড় সাজ্জাদের সহযোগী কালা মোবারক গ্রেপ্তার