২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার

রোববার গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 02:03 PM

Updated : 23 Nov 2026, 02:03 PM

বিদেশ যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার দুপুরে এ কথা জানিয়েছেন ডিএমপির ডিসি মো. আক্তার হোসেন।

তিনি বলেন, “রোববার গভীর রাতে বিমানবন্দর থেকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়।”

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ যে ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে, তাতে আসলাম ও টিটন দুজনেরই নাম ছিল।

গত ২৮ এপ্রিল রাতে ঢাকার নিউ মার্কেটের পাশে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করা হয়।

রোববার গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

ডিবি কর্মকর্তারা বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ রয়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন সুইডেন আসলাম।

১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীল রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে তার উত্থান ঘটে।

নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তার নাম আলোচনায় আসে।

বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল, যার মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজা হয়।

১৯ বছরের বেশি সময় কারাভোগের পর চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বছরের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।

এদিকে টিটন ও তার ভগ্নিপতি আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন মোহাম্মদপুরের ‘সন্ত্রাসী চক্র’ হারিছ-জোসেফ গ্রুপে যুক্ত ছিলেন। টিটনের তৎপরতা ছিল ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায়।

এছাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে বর্তমানে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও জমি দখলের ঘটনা ঘটছে বলে অভিযোগ।