২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের ক্ষত কাটিয়ে নিজেকে নতুনভাবে গড়ার সহজ কৌশল

বড় কোনও বিপর্যয় বা মানসিক আঘাতের পর পুরানো জীবনে ফেরা কঠিন হলেও নিজেকে নতুনভাবে গড়ে তোলা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 02:00 PM

Updated : 23 Nov 2026, 12:45 PM

জীবনের অনিবার্য চ্যালেঞ্জ, ছোট-বড় মানসিক আঘাত এবং চারপাশের অস্থিরতার সঙ্গে লড়াই করেই এগিয়ে যেতে হয়।

তবে বড় কোনও বিপর্যয় বা বিশ্বাসঘাতকতার পর পুরানো জীবনে ফিরে যাওয়া সবসময় সম্ভব হয় না; বরং সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলাই হল প্রকৃত মানসিক দৃঢ়তা বা ‘রেজিলিয়েন্স’।

মনস্তত্ত্ব-বিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-এর নির্বাহী সম্পাদক লিবি মা-কে দেওয়া এক সাক্ষাৎকারে, হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক ‘অ্যাসোসিয়েট ডিন’ এবং ‘বুয়্যান্ট: দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অব আ রেজিলিয়েন্ট লাইফ’ বইয়ের লেখক জিনা ভিল্ড জীবনের প্রতিকূলতা জয় করার বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক উপায়গুলো তুলে ধরেছেন।

পুরানো জীবনের বদলে নতুন জীবন গড়ার কৌশল

জিনা ভিল্ডের মতে, “প্রজাপতি যেমন গুটির আরামদায়ক আশ্রয় ছেড়ে বেরিয়ে এলেই কেবল ডানা মেলে আকাশে উড়তে পারে, তেমনি মানুষও জীবনের কঠিন সময়গুলোকে গ্রহণ করেই নিজের শ্রেষ্ঠ রূপটি আবিষ্কার করতে পারেন।”

মানসিকভাবে দৃঢ় মানুষেরা জানেন যে, জীবনে কী ঘটবে তা তাদের নিয়ন্ত্রণে নেই। তবে সেই ঘটনার বিপরীতে তারা কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটা সম্পূর্ণ তাদের হাতে।

‘দ্য জার্নাল অব ট্রমাটিক স্ট্রেস’-এ প্রকাশিত গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, মানসিক আঘাতের পর জীবনের নতুন সম্ভাবনাগুলোকে সাহসের সঙ্গে গ্রহণ করাই হলো ‘পোস্ট-ট্রমাটিক গ্রোথ’ বা বিপর্যয়-পরবর্তী মানসিক বিকাশের প্রধান লক্ষণ।

প্রতিকূলতা কাটিয়ে ওঠার ৫টি প্রধান স্তম্ভ

চিন্তার গতিপথ পরিবর্তন করা: অতীত বদলানো সম্ভব নয়। তবে মনের ভেতর পুরানো কষ্টের স্মৃতিগুলো বারবার ঘুরপাক খাওয়া বন্ধ করা সম্ভব।

জিনা ভিল্ডের পরামর্শ অনুযায়ী, নেতিবাচক চিন্তা মনে এলে সেটিকে প্রশ্রয় না দিয়ে মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে।

কৃতজ্ঞতা চর্চার মাধ্যমে দৃষ্টিভঙ্গি প্রসারিত করা

বিপর্যয় এলে, সেটা যেন জীবনের পর্দায় একটি বিশাল কালো বিন্দুর মতো সবকিছু ঢেকে দেয়। এই অন্ধকার সরাতে কৃতজ্ঞতা চর্চা কার্যকর।

কৃতজ্ঞতা কোনও সস্তা সান্ত্বনা নয়; বরং এটি মানসিক দৃঢ়তা, শারীরিক সুস্থতা এবং সুখ বাড়ানোর একটি বৈজ্ঞানিক অনুঘটক।

বর্তমানে মনোযোগী হওয়া: ভবিষ্যতের দুশ্চিন্তা ও অতীতের ভয় সরিয়ে বর্তমান মুহূর্তে বাঁচাই হল ‘মাইন্ডফুলনেস’।

ধ্যান বা মেডিটেইশন, ডায়েরি লেখা, যোগব্যায়াম, গান শোনা, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো বা পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে মনে স্বচ্ছতা ও স্থিরতা ফিরে আসে।

তিক্ততা ভুলে ক্ষমা করা: ক্ষমা করার অর্থ অন্যের অন্যায়কে সমর্থন করা নয়; বরং নিজের ভেতরের তিক্ততা ও ঘৃণার বোঝা নামিয়ে রেখে নিজেকে মুক্ত করা।

চিকিৎসা-সাময়িকী ‘বিএমজে পাবলিক হেলথ’-এ প্রকাশিত, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড এবং ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়-সহ, হংকং, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইউক্রেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ক্ষমা করার চর্চা বিষণ্ণতা ও উদ্বেগ কমাতে দারুণভাবে সাহায্য করে।

নেলসন ম্যান্ডেলাও ২৭ বছর কারাবাসের পর মুক্তির সময় উপলব্ধি করেছিলেন যে, ঘৃণা ও তিক্ততা মনের ভেতর বয়ে বেড়ালে জেলের বাইরে এসেও তিনি বন্দীই থেকে যাবেন।

বাস্তবতা মেনে নেওয়া ও সময় দেওয়া: জিনা ভিল্ডের মতে, সুস্থ হয়ে ওঠার জন্য তিনটি সত্য মেনে নেওয়া জরুরি- জীবনে অনাকাঙ্ক্ষিত ঝড় আসবেই, মানুষ হিসেবে কেউই কষ্টের ঊর্ধ্বে নন এবং মানসিক ক্ষত সারতে সময়ের প্রয়োজন হয়।

‘বিএমজে ওপেন’- সাময়িকীতে প্রকাশিত পর্যালোচনায়ও নিশ্চিত করা হয়েছে যে, সঠিক অনুশীলন ও প্রিয়জনদের সহায়তার মাধ্যমে যেকোনও বয়সেই মানসিক দৃঢ়তা বাড়ানো সম্ভব।

পুরনো খবর:

অন্যের আচরণে কষ্ট পাওয়া বন্ধ করার ৮ উপায়
স্মৃতিকাতরতা যেভাবে মেজাজ ও সম্পর্ককে উন্নত করে
রূপ-টাকা নাকি মানসিক সংযোগ- ভালোবাসা খোঁজার আসল উপায় কী?