নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার
গ্রেপ্তার মনিরুল ইসলাম রঞ্জু নগরীর আল্লামা ইকবাল রোডের বাসিন্দা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআরবি-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর।
গ্রেপ্তার মনিরুল ইসলাম রঞ্জু (৪৪) নগরীর আল্লামা ইকবাল রোডের বাসিন্দা।
২৪ অগাস্ট অটোরিকশা চালক জামাল হত্যা মামলার রায়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি আসামি রঞ্জুকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলার বরাতে এসআরবি জানায়, ২০১১ সালের ১৩ জুলাই নিখোঁজ হন অটোরিকশা চালক মো. জামাল (৪০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা হলেও পরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিখোঁজের পাঁচ দিন পর ১৮ জুলাই শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত শৌচাগারের পাশ থেকে জামালের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মামলায় অন্য এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবি-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর বলেন, মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে রঞ্জু পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআরবি কর্মকর্তা।
