নারায়ণগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত
স্থানীয় লোকজন ট্রাকচালককে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশা চালক ও এক যাত্রীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার দুপুরে মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে ভুলতা ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিন জানিয়েছেন।
নিহতরা হলেন- মৈকুলী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রিফাত হোসেন (২০) এবং একই এলাকার যাত্রী শাহনাজ বেগম (৫৫)।
এ ঘটনায় আহত শাওন নামের আনুমানিক ২৫ বছর বয়সী অপর যাত্রীকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক জসিম উদ্দিন বলেন, “যাত্রী নিয়ে অটোরিকশাটি রূপসীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী মারা যান।”
তিনি বলেন, স্থানীয় লোকজন ট্রাকচালককে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
