১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। পরে ট্রাকটির চালক পালিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 02:05 PM

Updated : 13 Nov 2026, 02:05 PM

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।

শুক্রবার ভোরের দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ছোট পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান।

নিহত মোজাফ্ফর হোসেন (৪২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের দেবীশাওল উত্তরপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

ওসি বলেন, শুক্রবার ভোরে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফ্ফর হোসেন। পথে ছোট পাইকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মোজাফ্ফর মাথায় গুরুতর আঘাত পান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা খায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোজাফ্ফরকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন।

পরে শজিমেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি তাজমিলুর রহমান বলেন, নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।