০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

লালমনিরহাটে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত

বুড়িমারীগামী দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 11:23 AM

Updated : 07 Nov 2026, 11:23 AM

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

শনিবার সকালে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব।

নিহত হাবিবুর রহমান (১১) উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে বুড়িমারীগামী দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা শিশু শিক্ষার্থী হাবিবুর রহমান ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি নাজমুস সাকিব সজীব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।