১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ট্রাক কেড়ে নিল মাছ ব্যবসায়ীর প্রাণ

পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 12:52 PM

Updated : 18 Oct 2026, 12:52 PM

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান।

নিহত নিরাশা দাশ (৪৫) উলিপুর উপজেলার মাঝিপাড়া (উত্তর আঠারো পাইকা, মণ্ডলের হাট) এলাকার প্রেমানন্দ দাশের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে মাছ কেনার জন্য সুন্দরগঞ্জের হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন নিরাশা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।