চাঁদপুরে রডভর্তি ট্রাক থেকে ৪ হাজার ইয়াবা জব্দ, আটক ২
দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রায় চার হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে পৌর এলাকার ওয়ারলেস বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামাল হোসেন (৪২) ও নিজাম উদ্দিন (৩০)। তাদের স্থায়ী বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। তবে তারা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, তাদের একটি দল অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ ইয়াবা, ৩৫ লাখ টাকা মূল্যের একটি পাঁচ টনি ট্রাক এবং ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড উদ্ধার করেছে। ট্রাকের মধ্যে লুকিয়ে ইয়াবাগুলো আনা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
