অনটনের জেরে কলহে সুনামগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
একই কারণে সংসার থেকে স্ত্রী ও সন্তান চলে যাওয়ার পর তার মানসিক সমস্যা দেখা দেয় বলেও জানান স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক।
সুনামগঞ্জে সংসারের অভাব-অনটন নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি ও কলহের জেরে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার ভোর ৫টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ।
নিহত রেজিয়া খাতুন (৭০) তার ছেলে নূর আলমের সঙ্গেই থাকতেন। নূর আলমের কাজ কর্ম না থাকায় অভাব অনটন ছিল নিত্য। এ কারণে প্রায়ই তার বৃদ্ধ মায়ের সঙ্গে তার ঝগড়া হতো।
একই কারণে সংসার থেকে স্ত্রী ও সন্তান চলে যাওয়ার পর তার মানসিক সমস্যা দেখা দেয় বলেও জানান স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক।
এলাকাবাসীর বরাতে সদর থানার এসআই যোহর আলী বলেন, পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোররাতে রেজিয়া খাতুনকে বসতঘরে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন নূর আলম।
বৃদ্ধার আর্তচিৎকার শুনে এসে স্বজনরা এসে তাকে উদ্ধার করলেও বাঁচাতে পারেননি। রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
