নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মাইক্রোবাসচালককে হত্যা, আটক ১
সকালে ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন রনি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার মিজমিজি তারা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
নিহত মো. রনি (৪১) ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। আর আটক আল আমিন (৪০) একই এলাকার আবদুল আলীর ছেলে।
ওসি বলেন, রনির শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় আল আমিনকে আটক করা হয়। এর আগে স্থানীয় লোকজন তাকে মারধরও করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মিজমিজি তারা মার্কেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রনি। এ সময় আল আমিন তার ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
স্থানীয় রাকিবুল ইসলাম বলেন, হত্যার ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল আমিনকে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন রাকিবুল। এরপর স্থানীয় লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
রাকিবুল বলেন, রনি ও আল আমিনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। দু-এক দিন আগেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল।
নিহত রনির স্ত্রী আফসানা বলেন, তার স্বামী পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। তাদের দুই সন্তান রয়েছে। রোববার ভোরে মোবাইল ফোনে কারও কল পেয়ে ঘুম থেকে ওঠেন রনি। এরপর তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরে সকালে তার মৃত্যুর খবর পান তিনি।
ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, রনির সঙ্গে আল আমিনের আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আল আমিন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি বলেন, হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
