২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পিস্তল-গুলিসহ আটক ১

পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 02:50 PM

Updated : 20 Nov 2026, 02:50 PM

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বৃহস্পতিবার রাতে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম।

আটক সাগর দেবনাথ (৬১) শ্মশানটিলা গ্রামের প্রয়াত জদু দেবনাথের ছেলে।

সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাসদস্যরা রামগড় থানা-পুলিশের সঙ্গে যৌথভাবে এ অভিযান চালান। এ সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি করে পিস্তল ও গুলিগুলো উদ্ধার করা হয়।

পরে তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, আটক সাগর দেবনাথের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।