২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ

সংগঠনটি বলেছে, সিপিডি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির বাইরে আলাদা করে বাড়ি ভাড়ার কথা বলেছে; এতে তো বাড়িভাড়া দুবার দেখানো হলো।

মজুরি নিয়ে সিপিডির তথ্যে আপত্তি তুলে ‘ব্যাখ্যা’ চাইল বিজিএমইএ

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 11:25 PM

Updated : 20 Nov 2026, 11:25 PM

চলমান শ্রম অসন্তোষের মধ্যে তৈরি পোশাক খাতের মজুরি নির্ধারণের আলোচনায় সিপিডির দেওয়া তথ্যে আপত্তি তুলে সংস্থাটির কাছে ব্যখ্যা চেয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন— বিজিএমই।

বেসরকারি গবেষণা সংস্থা— সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক বরাবর এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে মজুরি বিবেচনায় শ্রমিক পরিবারের সদস্যা সংখ্যা, উপার্জনকারী ব্যক্তির সংখ্যা ও মূল্যস্ফীতির হিসাবে বাড়ি ভাড়াকে দুবার দেখানোসহ কয়েকটি বিষয়ে আপত্তি তুলেছে বিজিএমএই।

গত ১৮ নভেম্বর ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬, বিবেচ্য বিষয়সমূহ’ শিরোনামে ব্রিফিং করে সিপিডি। সেখানে চলমান শ্রম অসন্তোষ সমাধানের কয়েকটি প্রস্তাব দিয়ে সংস্থাটি মতামত দেয় যে, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে ন্যূনতম বেতন ১৮ হাজার ৫৭৮ টাকা ও মর্যাদাপূর্ণ ন্যূনতম মানবিক জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিলে মজুরি হয় ২৪ হাজার ২০৪ টাকা হয়।

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ‘‘আমাদের মূল বক্তব্য হচ্ছে, আলোচনাটা হওয়া উচিত আঠারো হাজার ৫৭৮ টাকা আর চব্বিশ হাজার ২০৪ টাকার মধ্যে।’’

মজুরি নির্ধারণে সিপিডির এই টাকার অঙ্কের সীমা ঠিক করে দেওয়া নিয়ে ‘আপত্তি’ তুলেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহমুদ হাসান খান বলেন, ‘‘তারা (সিপিডি) তো গবেষণা করে। সিপিডি তো মজুরি প্রস্তাব করবে না। এটা করবে সংশ্লিষ্টরা, মজুরি বোর্ড। তারা যে আলোচনাটা করেছে, সেখানে তথ্যগত কিছু আপত্তি আছে। আমরা তার ব্যখ্যা চেয়েছি।’’

তিনি বলেন, ‘‘আমরা আমাদের প্রস্তাব আগামী সভায় দিব।’’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘মূল্যস্ফীতির হিসাব করার সময় তারা খাদ্যবহির্ভূত খাতের কথা বলেছে। এ খাতে সবচেয়ে বেশি খরচ হয় বাড়ি ভাড়ায়। তারা (সিপিডি) তো খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দেখিয়েছে, যার মধ্যে বাড়ি ভাড়া তো আছেই, আবার এর বাইরে বাড়ি ভাড়াকে আলাদা দেখিয়ে যোগ করেছেন। তাতে তো বাড়িভাড়া খরচ দুবার যোগ হল। আমরা এই ব্যাখ্যাটা চেয়েছি।’’

মজুরি বোর্ড গঠন হওয়ার পরে শ্রমিকদের পক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম বেতনের প্রস্তাব করা হয়। গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের সভা করার তারিখ ঘোষণা করা হলেও এক সদস্যর অনুপস্থিতে সভাটি পিছিয়ে ২৩ নভেম্বরে নেওয়া হয়। ওই দিন মলিকপক্ষের তরফে প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে।

Image

ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে সিপিডির সংবাদ সম্মেলন।

যে ব্যখ্যা চেয়েছে বিজিএমইএ

সিপিডিকে পাঠানো চিঠিতে বিজিএমইএ সভাপতি বলেছেন, সংস্থাটি তাদের পাঁচটি গবেষণা প্রতিবেদন থেকে ‘মিডিয়ান’ বা মধ্যবর্তী সংখ্যা বের করায় পরিবারের সদস্য সংখ্যা ৪ ও উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে।

তাতে আপত্তি জানিয়ে বিজিএমএমই বলেছে, ‘‘এ ক্ষেত্রে গড় বিবেচনা করা যৌক্তিক হত, কারণ এতে সব গবেষণার ফল সঠিকভাবে প্রতিফলিত হত।’’

উপর্জনক্ষম ব্যক্তির সংখ্যা সিপিডির সবশেষ প্রতিবেদনে কমেছে দাবি করে বিজিএমইএ বলেছে, ‘‘সিপিডির নিজস্ব ২০২৩ সালের আরএমজি শ্রমিক জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিল ২ জন। অর্থাৎ, সিপিডির ১৮ নভেম্বর ২০২৬ তারিখের প্রেজেন্টেশন অনুযায়ী বিগত ৩ বছরের ব্যবধানে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা বেড়েছে, অপরদিকে উপার্জনক্ষম সদস্যসংখ্যা কমেছে, যা বস্তুনিষ্ঠ বলে মনে করছি না।’’

মাহমুদ হাসান খান বলেন, ‘‘আমরা রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য দেখিয়েছি। সেখানে তো আছে, পরিবারের গড় সদস্য সংখ্যা কমেছে। সিপিডি বলেছে, শ্রমিকদের পরিবারের সংখা বাড়লেও উপার্জনকারীর সংখ্যা কমেছে, সেই ব্যাখ্যাটা চেয়েছি।’’

সিপিডিকে দেওয়া চিঠিতে বলা হয়, ‘‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ রিপোর্ট (পৃষ্ঠা-৬৪) অনুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪.৬৬ জন থেকে ২০১১ সালে ৪.৩৫ জন এবং ২০২৩ সালে ৩.৯৬ জনে নেমে এসেছে। পরিবারের জাতীয় গড় সদস্যসংখ্যা যখন ক্রমহ্রাসমান, তখন আরএমজি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বোধগম্য নয়।’’

২০২৩ সালে দেওয়া নিম্নতম সাড়ে ১২ হাজার টাকার মজুরিকে ভিত্তি ধরে বর্তমান মূল্যে মূল্যস্ফীতির সমন্ময় করেছে সিপিডি। তাতে ২০২৬ সালে একই ক্রয়ক্ষমতা ধরলে ন্যূনতম মজুরি হয় অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা বলেছে।

এ হিসাব পদ্ধতিতে আপত্তি করে বিজিএমইএ বলেছে, ‘‘২০২৩ পরবর্তী সময়ে প্রদত্ত বার্ষিক ইনক্রিমেন্ট, বিশেষত ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি।’’

পুরনো খবর:

শ্রমিক অসন্তোষ: পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, শঙ্কা বিজিবিএর
মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর মজুরি বাড়ানোর প্রস্তাব বিজিএমইএ সভাপতির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির আলোচনা হওয়া উচিত ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে: সিপিডি