১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর মজুরি বাড়ানোর প্রস্তাব বিজিএমইএ সভাপতির

“বর্তমানে ৯৭ শতাংশ শ্রমিকই কাজ করছেন। মাত্র ৩ শতাংশকে নিয়ে গিয়ে আন্দোলন করা হচ্ছে,” বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:39 PM

Updated : 17 Nov 2026, 09:39 PM

তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের পরিবর্তে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়ানোর স্থায়ী কাঠামো চান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেছেন, মজুরি কাঠামো নিয়ে বারবার অস্থিরতা এড়াতে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ ও শিল্প রক্ষার জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এ বৈঠকের আয়োজন করে।

মাহমুদ হাসান খান বলেন, “স্থায়ীভাবে মজুরি কাঠামো গঠন করা প্রয়োজন, এটা আমরা চাই। এটার সমাধান হওয়া দরকার।”

তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের পরিবর্তে বিকল্প পরামর্শ দিয়ে তিনি বলেন, “একটি মজুরি কাঠামো দরকার। যেখানে প্রতি বছরই স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়বে। আমরা বিশৃঙ্খলা চাই না।”

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্ব দেন বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, “ব্যবসাটা আন্তর্জাতিক, এটা বুঝতে হবে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, ভারত ও পাকিস্তান কত দেয়, তাও দেখতে হবে।”

নিম্নতম মজুরি বোর্ড গঠনের দিন ১ নভেম্বর থেকে চলা শ্রমিক আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, “বর্তমানে ৯৭ শতাংশ শ্রমিকই কাজ করছেন। মাত্র ৩ শতাংশকে নিয়ে গিয়ে আন্দোলন করা হচ্ছে।”

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি কোনো চক্র অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মাহমুদ হাসান খানও বলেন, “গত ১ নভেম্বরের পর যারা ভাঙচুর করেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এমন একটি মজুরি নির্ধারণ করতে হবে, যা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়।

“একটি খাতে মজুরি বাড়ালেন, অন্য খাতে বাড়ল না। তাহলে সবাই পোশাক খাতে চলে আসতে চেষ্টা করবে।”

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও পোশাক কারখানার উদ্যোক্তা ফজলে এহসান শামীম বলেন, শ্রমিকদের পক্ষ থেকে এবার অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে, যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের কথা রয়েছে। সে কারণে এখন আন্দোলনের প্রয়োজনীয়তা দেখছেন না তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকবাল হোসেন। এতে পোশাকশিল্পের বিভিন্ন অংশীজনের জন্য মোট ২২টি সুপারিশ তুলে ধরা হয়।

আয়োজক সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।

সাবেক শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়কারী আবুল কালাম আজাদ এবং নিম্নতম মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার অনুষ্ঠানে বক্তব্য দেন।

পোশাক খাতে সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ১ ডিসেম্বর। তখন সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

তিন বছর পেরিয়ে যাওয়ায় নতুন মজুরি কাঠামো নির্ধারণে ১ নভেম্বর ২০২৬ ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। শ্রমিক অসন্তোষের মধ্যে গঠিত এই বোর্ডকে সব গ্রেডের শ্রমিক-কর্মচারীর জন্য নতুন মজুরি সুপারিশের দায়িত্ব দেওয়া হয়।

বোর্ডের প্রথম বৈঠক হয় ৪ নভেম্বর। ওই বৈঠকের পর জানানো হয়, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সে হিসাবে নতুন হারে মজুরি পাওয়ার কথা ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।

৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তাদের প্রস্তাবে সর্বোচ্চ গ্রেডের মজুরি ৪৮ হাজার টাকা এবং নতুন নিয়োগ পাওয়া বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা রাখার কথা বলা হয়।

৯ নভেম্বরের বৈঠকে মালিকপক্ষ নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দিতে পারেনি। বিজিএমইএর প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানার পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় তারা প্রস্তাব প্রস্তুত করতে পারেননি।

মালিকপক্ষ সাত কর্মদিবস সময় চাইলেও বোর্ড চার কর্মদিবস সময় দেয়। বোর্ড চেয়ারম্যান তখন বলেন, নির্ধারিত সময়ে প্রস্তাব না এলে মালিকপক্ষের সুপারিশ ছাড়াই বোর্ড সিদ্ধান্তের দিকে এগোবে।

এরপর মালিকপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব তৈরির উদ্যোগ নেয়। ১৫ নভেম্বর বিজিএমইএর নেতারা কারখানামালিকদের মতামত নিয়ে বৈঠকে বসেন।

ওই আলোচনায় অংশ নেওয়া একজন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, অধিকাংশ মালিক সর্বোচ্চ মজুরি ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখার পক্ষে মত দিয়েছেন।

মালিকদের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে। কিন্তু বৈঠকের দিন শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয় বলে বোর্ডের চেয়ারম্যান জানান।

মালিকপক্ষ অবশ্য দাবি করে, তারা প্রস্তাব জমা দিতে প্রস্তুত ছিল। বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বিবৃতিতেও বৈঠক স্থগিতের ঘটনায় হতাশা জানিয়ে দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানানো হয়। অন্যদিকে শ্রমিকনেতাদের কেউ কেউ বৈঠক স্থগিতের পেছনে গড়িমসির অভিযোগ তোলেন।

পরে স্থগিত বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৩ নভেম্বর। ওই বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।