২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্পে নতুন বেতন: কাজে ফিরবেন শ্রমিকরা?

“আমাদের দাবি ছিল ৩০ হাজার টাকা, সেটা করেছে ১৭ হাজার টাতা। আমরা সন্তুষ্ট না, এটা কোনো ভাবেই মানব না।”

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:12 AM

Updated : 25 Nov 2026, 09:17 AM

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণের পর আন্দোলনরত শ্রমিকরা কাজে ফিরবেন বলে আশা করছেন মজুরি বোর্ডের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

তবে নতুন মজুরিতে পুরোপুরি সন্তুষ্ট নন শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতাদের একাংশ। তবে তারা বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন; যদিও অনেক শ্রমিক নেতা বলছেন, এই মজুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার গভীর রাতে নতুন মজুরি কাঠামোর ঘোষণা আসার পর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান পোশাকখাতের মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

ব্রিফিংয়ে তিনি বলেন, ১৭ হাজার টাকা মজুরিতে তারা সন্তুষ্ট নন। তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই মজুরি মেনে নিতে হবে।

বাবুল আখতার বলেন, “আসলে এটা সন্তুষ্টির জন্য না। আমরা মনে করি যে—যেটা হয়েছে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তো এটা যাতে এখন সকল কারখানায় দ্রুতভাবে কার্যকর হয়—এটাই আমরা আসলে এখন আহ্বান জানাচ্ছি।”

মজুরি বোর্ডের সামনে মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান করা সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে শ্রমিকদের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে তারা সন্তুষ্ট নন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে দ্রব্যমূল্যের দাম দেখেন, অন্যদের বেতন দ্বিগুণ করা হয়েছে। আর আমাদের ক্ষেত্রেই সমস্যা। আমাদের দাবি ছিল ৩০ হাজার টাকা, সেটা করেছে ১৭ হাজার টাতা। আমরা সন্তুষ্ট না, এটা কোনো ভাবেই মানব না।”

শ্রমিকপক্ষের সবশেষ দাবি ১৮ হাজার টাকা ছিল জানিয়ে তিনি বলেন, ভোটাভুটিতে ১৭ হাজার টাকার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বোর্ডের চেয়ারম্যান সেটিই ঘোষণা করেছেন।

“যেহেতু চেয়ারম্যান মহোদয় ঘোষণা দিয়েছেন, সেহেতু এখন ইচ্ছা না হলেও আমাদের এটা মেনে নিতে হবে।”

বাবুল আখতার বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। তখন থেকেই শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে আসছেন।

“শ্রমিকদেরকেও আমরা অনুরোধ করছি, আপনাদের যদি আরও কোন বক্তব্য থাকে কাজে ফিরুন এবং কাজের মাধ্যমেই আপনারা আপনাদের মালিকদের সাথে কথা বলুন।”

মালিকপক্ষ শ্রমিকদের কথা না শুনলে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে দাবি আদায়ের আন্দোলন চালানোর পরামর্শ দেন তিনি।

নতুন বেতন মিলবে জানুয়ারিতে

নতুন নির্ধারিত মজুরি জানুয়ারিতে শ্রমিকরা পাবেন বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, নতুন মজুরি কার্যকর হলে এর বকেয়া এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়গুলোও বিবেচনায় থাকবে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সুপারিশ তৈরির কাজও বোর্ডের বিবেচনায় রয়েছে।

জানুয়ারির বেতন আটকে যাওয়ার কোনো আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, “না কেন আটকাবে? আটকানোর কোনো কারণ নেই, কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই।”

সুপারিশের খসড়া তৈরির পর বুধবার বোর্ডের সভা হবে বলে জানান তিনি।

আন্দোলন হলে শ্রম আইনের প্রয়োগ

নতুন মজুরি নির্ধারণের পরও কেউ আন্দোলনে নামলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শ্রমিক নেতা বাবুল আখতার।

তিনি বলেন, “এর পরেও যদি কেউ আন্দোলনে নামে…সকল কিছুর বিষয়ে আসলে শ্রম আইনের বিষয় আছে, সে আইন নির্ধারণ করবে।”

আগের মতো শ্রমিকদের আন্দোলন দমনে গুলি চালানো বা গণহারে ছাঁটাই, সাময়িক বরখাস্ত ও মামলা দেওয়ার ঘটনা এবার ঘটেনি বলে মন্তব্য করেন বাবুল আখতার।

আন্দোলনের এক মাস

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। তবে এর পরও সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানায় কাজ বন্ধ থাকার খবর আসতে থাকে।

বোর্ডের দ্বিতীয় সভায় গত ৯ নভেম্বর শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। পরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তারা তা দেয়নি।

পরে গত ২৩ নভেম্বর বোর্ডের তৃতীয় সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করে মালিকপক্ষ।

মঙ্গলবার গভীর রাতে বোর্ডের সিদ্ধান্তে সেই মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। পরের মাস থেকে কার্যকর হওয়া ওই কাঠামোয় মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। অর্থাৎ তখন মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

তবে নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।

পুরনো খবর:

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ