ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক মনে করিয়ে দিলেন, ইয়ামালকে ছাড়াও জিতেছেন তারা।
চ্যাম্পিয়ন্স লিগের আসছে ম্যাচে লামিন ইয়ামালকে না পাওয়া নিয়ে খুব একটা ভাবছেন না হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ মনে করিয়ে দিয়েছেন, অতীতে এই তারকাকে ছাড়াও জিতেছেন তারা।
ইউরোপ সেরার মঞ্চে বুধবার ইয়ামালকে ছাড়াই আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
আঙ্কেলের সমস্যার কারণে ১৯ বছর বয়সি তারকা দলের সঙ্গে বাকুতে যাননি। আগামী রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা আছে।
এই মৌসুমে প্রথমবারের মতো ইয়ামালকে ছাড়া খেলতে নামছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ১৭ ম্যাচের সবকটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং ১৩টি গোল করার পাশাপাশি ১৩টি গোলে সহায়তা করেছেন।
ফ্লিক মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি বিবেচনা করেই আসছে ম্যাচে ইয়ামালকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
“আমরা আগেও লামিনকে ছাড়া খেলেছি, তাই আমাদের জানা আছে কী করতে হবে। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে (সোমবার) পরিস্থিতি যাচাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তার বাড়িতে থাকাই ভালো। আশা করি, সবকিছু ঠিকঠাক থাকবে এবং সপ্তাহান্তের ম্যাচে সে খেলতে পারবে।”
সংবাদ সম্মেলনে ফ্লিকের আগে মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং বলেন, “লামিনের মতো খেলোয়াড়কে সবসময়ই মিস করবে দল।
“সে অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়। সে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারে এবং নিজেই গোলের সুযোগ সৃষ্টি করতে পারে; তাই তার মতো খেলোয়াড়ের অনুপস্থিতি সহজেই বোঝা যায়। তবে আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাকে ছাড়াও আমরা জিততে পারি।”
