১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘বাংলাদেশ নিজেদের প্রমাণ করতে চাইবে’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ রোমাঞ্চকর হবে বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা কাগিসো রাবাদা।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 11:54 PM

Updated : 14 Nov 2026, 12:02 AM

নেটে কয়েক ডেলিভারি করেই ঘেমেনেয়ে একাকার কাগিসো রাবাদা। নেটের পাশে ছাউনিতে এসে তোয়ালেতে ঘাম মুছতে মুছতে বললেন, “ব্লাডি হেল… এত গরম কেন!” তবে গরম বলে থেমে থাকলেন না। আবার নেটে ফিরে গিয়ে একের পর এক বল করতে থাকলেন। টেস্ট ম্যাচে তো এমন গরমেই ওভারের পর ওভার করতে হবে। প্রস্তুতিতে ফাঁক রাখা যাবে না কোনো!

প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন একটু ঢিলেমি এমনিতে আসতেই পারে। মনের কোণে এই ভাবনাও ঢু মারতে পারে যে, সবটুকু ঢেলে দেওয়া জরুরি নয়। রাবাদা সেটি স্বীকারও করছেন যে, আত্মতুষ্টি চলে আসতে পারে। এজন্যই নিজেদের সঙ্গে তাদের লড়াই, এতটুকু ছাড় দেওয়া যাবে না বাংলাদেশকে!

নিজেদের উৎকর্ষকে নতুন উচ্চতায় নেওয়ার ব্যাপার তো আছেই। পাশাপাশি আছে প্রতিপক্ষকে নিয়ে সমীহও। আগের দিন কোচ শুক্রি কনরাড দারুণ সম্মান দিয়েছেন বাংলাদেশকে। সেই একই শ্রদ্ধা ফুটে উঠল রাবাদার কণ্ঠেও। জোহানেসবার্গে শুক্রবার সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার পেস তারকা বললেন, সিরিজটি দারুণ জমবে বলেই তার ধারণা।

“আন্তর্জাতিক ক্রিকেটে, কোনো সিরিজকেই হালকাভাবে নেওয়া যায় না। প্রতিটি ম্যাচেই অনেক কিছু থাকে। আর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে, সাম্প্রতিক সময়ে তাদের খেলার ধরণ দেখে মনে হচ্ছে, তারা বেশ চাঙা থাকবে। এটা তাই আসলেই রোমাঞ্চকর, তাই না?

সেরা প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে চায় সবাই। আমার মনে হয়, তারা এখানে এসে নিজেদের প্রমাণ করতে চাইবে, তাই এই দিক থেকেও এটা উত্তেজনাপূর্ণ। সুতরাং, আশা করি আমরা আগের সিরিজগুলোর মতো কিছু উত্তেজনাপূর্ণ ক্রিকেট দেখতে পাব। হ্যাঁ, আমার মনে হয় এটা দেখাবে যে ক্রিকেট কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই লড়াইয়ের জন্য সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

এমনিতে ক্রিকেটীয় ভব্যতার অংশ হিসেবে এসব কথা বড় দলগুলি বলেই থাকে পিছিয়ে থাকা দলগুলিকে নিয়ে। তবে দক্ষিণ আফ্রিকানরা যে এবার স্রেফ বলার জন্য নয়, সত্যিই বিশ্বাস করেই বলছে, তা ফুটে উঠছে তাদের প্রস্তুতিতে, তাদের অনুশীলনে। শুধু কথায় নয়, ফুটে উঠছে তাদের শরীরী ভাষাতেও।

রাবাদা যেমন বললেন, প্রতিপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়াটাও মাঠে ভালো খেলার একটি প্রেরণার উৎস।

“বেশ কিছুদিন পর ওয়ান্ডারার্সে খেলতে যাচ্ছি। আবহাওয়াও বেশ গরম। বোঝাই যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকার গ্রীষ্মকাল, মানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের গ্রীষ্ম চলেই আসছে। সুতরাং, এটা বেশ উত্তেজনাপূর্ণ হবে। আমাদের জন্য যেমন রোমাঞ্চকর, আমি নিশ্চিত দর্শকদের জন্যও এটা দারুণ হবে।

“এই সিরিজে নামার আগে, আমরা যেভাবে খেলছি তা থেকে ইতিবাচক দিকগুলো অবশ্যই সরিয়ে ফেলা যায় না, কিন্তু একই সঙ্গে, কোনো প্রতিপক্ষ বা কোনো সিরিজকেই হালকাভাবে নেওয়া যায় না। কিছু একটা বাজি থাকতে হবে, নইলে এর মজা, আনন্দ এবং মরিয়া ভাবটা চলে যায়।”

যদিও মানুষের সহজাত প্রবৃত্তিকে অস্বীকার করছেন না রাবাদা। এত কিছুর পরও কখনও কখনও একটু ‘রিল্যাক্স’ ভাব তো চলে আসতেই পারে। সেটিকে প্রশ্রয় না দেওয়াটাকেই তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই সিরিজে।

“হ্যাঁ, এটা হতে পারে (বাংলাদেশের বিপক্ষে ইনটেনসিটি কমে যেতে পারে)। তবে আমার মনে হয় লোকের স্বভাবই এরকম এবং ক্রীড়াবিদ হিসেবে, আমরা সবাইও ওরকমই, আমরা তো মানুষই! মাঝে মাঝে আপনি হয়তো পুরোপুরি প্রস্তুত নাও থাকতে পারেন, আপনি যা-ই করুন না কেন এবং এই ক্ষেত্রে, এটা ক্রিকেটেও হতে পারে। আমরা আগেও এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে আমরা সম্ভবত একটু বেশিই আত্মতুষ্ট হয়ে পড়ি এবং আমার মনে হয় এটা মানুষের স্বভাব, তাই এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সত্যিই আমাদের সেরাটা দিতে হবে এবং ইনটেনসিটি কমানো যাবে না। আমাদের মানকে একদম শীর্ষে রাখতে হবে।

ফলাফল নিয়ে খুব বেশি না ভেবে, আমরা শুধু ভাবব আমরা কীভাবে খেলতে চাই, কারণ আসলে গত দুই বছর ধরে আমরা এটাই করে আসছি, আমরা যেভাবে খেলতে চাই, এবং সেই মরিয়া ভাবটা রাখা, এবং হ্যাঁ, প্রতিপক্ষের মুখের ওপর ঝাঁপিয়ে পড়া। আমরা ঠিক এভাবেই খেলতে চাই, তাই আমরা একই ধারা বজায় রাখার চেষ্টা করব।”

বিশ্বের সব দলের বিপক্ষেই রাবাদার রেকর্ড কম-বেশি ভালো। ডেলিভারির হিসেবে সম্প্রতি দ্রুততম ৩৫০ উইকেট পূর্ণ করলেন তিনি, রেকর্ড তো আর এমনি এমনি হয়নি! তবে বাংলাদেশকে তার একটু বেশিই পছন্দ। সেই ২০১৫ সালে অভিষেক ওয়ানডেতে মিরপুরে হ্যাটট্রিকসহ রেকর্ডগড়া ৬ উইকেট নিয়ে শুরু। বাংলাদেশের বিপক্ষে ১১ ওয়ানডেতে তার উইকেট ২১টি। চার টেস্টে উইকেট ২১টি।

সম্প্রতি আগুনে বোলিং করেছেন তিনি অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের সঙ্গে। বাংলাদেশ তো সেখানে আরও নড়বড়ে। বিশেষ করে টপঅর্ডারকে বলা যায় তাসের ঘর। রাবাদার নতুন বলের ছোবলের সামনে যা টেকার কথা নয়।

তবে প্রতিপক্ষের অবস্থাকে ভাবনায় আনতেই চান না ৩১ বছর বয়সী তারকা। বরং গুরুত্ব দিয়েই বিশ্লেষণ করে ঝাঁপিয়ে পড়তে চান আপন কাজে।

“বাংলাদেশের টপ অর্ডার খুব ভালো খেলছে কি না, তা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। আমি আপনাকে একটা একঘেয়ে উত্তরই দেব। ব্যাপারটা আসলে তারা কী করছে তা বিশ্লেষণ করা এবং তারা যা-ই করতে চাক না কেন, আমাদের তা প্রতিহত করার চেষ্টা করা।”