২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশে চার পেসার নিয়েও সবচেয়ে বেশি ওভার বোলিং মুমিনুলের

২৩ বছর পর চার বিশেষজ্ঞ পেসার নিয়ে বাংলাদেশ একাদশ সাজালেও পেসারদের বাজে পারফরম্যান্সের কারণে ২৩ ওভার বোলিং করতে হলো অনিয়মিত স্পিনার মুমিনুলকে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

সেঞ্চুরিয়ন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 08:29 AM

Updated : 25 Nov 2026, 07:59 AM

গোটা দিনে ৯৮ ওভারে বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তেজনাময় মুহূর্তটি এলো দিনের শেষ ওভারে। সেঞ্চুরি করা ভিয়ান মুল্ডারকে আউট করে খ্যাপাটে উদযাপনে মেতে উঠলেন তাওহিদ হৃদয়। চওড়া হাসিতে তাকে জড়িয়ে ধরলেন নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষের লিড যখন চারশ ছাড়িয়ে গেছে, তখন অমন উদযাপন দৃষ্টিকটূ লাগতেই পারে। তবে টেস্ট ক্রিকেটে প্রথমবার বল হাতে নেওয়া বোলার প্রথম উইকেটের স্বাদ পাওয়ার পর তার রোমাঞ্চটুকু বিবেচনায় নিয়ে ওই উদযাপনকে বিশেষ বিবেচনায় এড়িয়ে যাওয়াই যায়।

বোলিংয়ে প্রয়োজন হতে পারে জেনেই জোহানেসবার্গ টেস্টের আগে নেটে লম্বা সময় বোলিং করেছিলেন হৃদয়। কিন্তু সেখানে তাকে বোলিংয়ে দেখা যায়নি। সেই হৃদয় সেঞ্চুরিয়নে বুধবার হাত ঘুরিয়েছেন ১২ ওভার। তাকেও অবশ্য অনেকটা ছাড়িয়ে গেছেন মুমিনুল হক। এমনিতে বোলিং তিনি করেন মাঝেমধ্যেই। তবে এক দিনে ২৩ ওভার বোলিং করবেন, এটা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি!

দুই অনিয়মিত স্পিনার মিলেই যখন ৩৫ ওভার বোলিং করেন, দলের মূল বোলারদের অবস্থা ফুটে ওঠে সেখানেই। ২৩ বছর পর চার বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কিন্তু সেই চার পেসারের কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাধ্য হয়েই মুমিনুল-হৃদয়ের স্পিনে নির্ভর করতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

এই দক্ষিণ আফ্রিকা সফরের আগে ৮২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কখনও ১০ ওভারের বেশি বোলিং করার প্রয়োজ পড়েনি মুমিনুলের। এই সফরে জোহানেসবার্গ টেস্টে তিনি বোলিং করেন ১৬ ওভার। সেটিও ছাপিয়ে সেঞ্চুরিয়নে তাকে বোলিং করতে হয়েছে ২৩ ওভার!

বিশেষজ্ঞ স্পিনার ছাড়া একাদশ সাজানো বাংলাদেশের হয়ে মুমিনুলকে হাত ঘোরাতে হতে পারে, এমন ধারণা ছিলই। তবে সেটি ২৩ ওভার হবে, তা হয়তো ধারণা করতে পারেননি কেউই। পেসারদের এলোমেলো বোলিংয়ের কারণেই আদতে মুমিনুলকে ‘বিশেষজ্ঞ স্পিনার’ বানিয়ে ফেলতে হয়েছে বাংলাদেশ অধিনায়কের।

ম্যাচের প্রথম দিনেই ৯১ রানে গুটিয়ে যাওয়ার পরই অবশ্য এই ম্যাচে যাবতীয় সম্ভাবনা থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। তার পরও চার পেসার যেহেতু ছিল একাদশে, দক্ষিণ আফ্রিকাকে বার্তা দেওয়ার সুযোগ ছিল। লড়াই করার উপলক্ষ ছিল।

উইকেট সবুজাভ। গতি ও বাউন্স তো ছিলই। একশর নিচে গুটিয়ে দেওয়া না হোক, সহায়ক উইকেটে অন্তত দারুণ বোলিং করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানানোর হাতছানি তো ছিল!

কিন্তু বাংলাদেশের চার পেসারের আক্রমণ সেই কাজটি করতে পারেনি। প্রথম দিনেই নতুন বলে এলোমেলো ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ইবাদত হোসেন আক্রমণে এসে শুরুতে এইডেন মার্করামকে আউট করলেও সেটি ছিল স্রেফ ‘উপহার।’ পরে তিনি নিজে কিছু আদায় করতে পারেননি।

একমাত্র ব্যতিক্রম বলা যায় সৈয়দ খালেদ আহমেদকে। নিজেকে মেলা ধরার তাড়না অন্তত তার বোলিংয়ে ছিল। ব্যাটসম্যানদের ভুগিয়েছেন, উইকেট শিকারের মতো ডেলিভারিও তার হাত থেকে বেরিয়েছে কিছু। যদিও বোলিং ফিগার দেখে তা বোঝা মুশকিল এবং সত্যি বলতে, তিনি নিজেও আলগা বল অনেক করেছেন এবং নিজের সেরা রূপে ছিলেন না, তার পরও চার পেসারের মধ্যে সেরা ছিলেন তিনিই।

তবে সত্যিকার অর্থে উইকেটে সহায়তা নেওয়ার মতো বোলিং করতে পারেননি কোনো পেসার। যখনই সঠিক লাইন ও লেংথে বল করেছেন তারা, তখনই উইকেটের তেজ টের পাওয়া গেছে। কিন্তু সেই জায়গায় লম্বা সময় ধরে বা যথেষ্ট ধারাবাহিকভাবে বল রাখতে পারেননি কোনো পেসার। একটি-দুটি বল ভালো জায়গায় রেখে পরের বলটিতেই আগলা ডেলিভারি করে চাপ সরিয়ে নিয়েছেন তারা নিজেরাই।

এমন দিনের শেষে সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচকে পেলে হয়তো অনেক প্রশ্নের উত্তর গভীরভাবে জানা যেত। কিন্তু সংবাদ সম্মেলনে আসেন শরিফুল ইসলাম। তিনি আর কী বলবেন! বোলিং ইউনিটের ব্যর্থতা তিনি মনে নিলেন অকপটে।

“পেস বোলিং ইউনিটে যদি বলেন, আমরা তেমন ভালো বল করতে পারি নাই। দক্ষিণ আফ্রিকা খুব ভালো বোলিং করেছে। আমরা হয়তোবা গোছানো বোলিং করতে পারিনি। বোলিংয়ে আমরা শুরুতে এবং শেষের কিছু ওভারে সহজ বাউন্ডারি দিয়েছি। তারা ওগুলা খুব লুফে নিয়েছে আর ভালো বলগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই দিক দিয়ে ওরা এগিয়ে গেছে। এই ইনিংসে পেসাররা আমরা ভালো বল করতে পারিনি।”

উইকেটে সহায়তা ছিল যথেষ্টই। সেটা শরিফুলরাও বুঝতে পেরেছেন। নিজেরা যে মৌলিক কাজগুলেঅ করতে পারেননি, তা তিনি মেনে নিচ্ছেন মাথা পেতে।

“আমরা সত্যি বলতে এক জায়গায় বোলিংটা করতে পারি নাই। যেখানে (পিচ করে) বলটা নড়ছিল (মুভ করছিল), ওখানে আমরা বেশিক্ষণ বোলিং করতে পারিনি। হয়তো আমরা বেশি জায়গা দিয়েছি, কাট খেলার সুযোগ দিয়েছি বেশি। আবার ব্যাক অফ লেংথেও বল করছি। দেখা যাক পরের ইনিংসে কী করতে পারি। এর থেকে কীভাবে ভালো করা যায়, সেটা নিয়ে পরিকল্পনা করব।”

প্রত্যাশা অনেক ছিল শরিফুলকে ঘিরেও। প্রথম টেস্টে সবচেয়ে বেশি আলোচনা ছিল তাকে না খেলানোয়। এই টেস্টে তাকে নেওয়া হলেও তিনি ছিলেন নিজের ছায়া। বিশেষ করে তার মূল শক্তির জায়গা যেটি, সেই নতুন বলে তিনি ছিলেন সবচেয়ে এলোমেলো।

প্রত্যাশার চাপেই তিনি ভেঙে পড়লেন কি না, সে প্রশ্ন উঠল। শরিফুল অবশ্য সেটি মানতে চাইলেন না।

“না না, আমি আসলে প্রেশার নেইনি। চেষ্টা করছিলাম অন্য ম্যাচগুলোতে যেভাবে খেলেছি, ওভাবেই করার। হয়তোবা একটা ইনিংস খারাপ গেছে। পরের ম্যাচ বা পরের ইনিংসগুলো যাতে ভালো করা যায়, কীভাবে করা যায়, সেগুলো নিয়ে কাজ করব।”

দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৪০৩ রানে এগিয়ে। আবহাওয়ার করুণা ছাড়া বাংলাদেশের পরাজয় এড়ানোর কোনো আশা নেই। তবু আশায় বুক বাঁধছেন শরিফুল।

“আমরা যদি দ্বিতীয় ইনিংসে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি…দেখা যাক পরবর্তীতে কী হয়। এটা তো টেস্ট খেলা, যেকোনো কিছুই হতে পারে। একটা জুটি হলেও আমরা ব্যাটিংয়ে নামব। তো আশা করা যায়।”