নেপালে সাইফের ৭১, ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব-মেহেদি
এনপিএলে সাইফ হাসানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের পরও ২ রানে হেরে গেছে জানাকপুর বোল্টস।
মুখোমুখি প্রথম বলে চার মেরে রানের খাতা খুললেন সাইফ হাসান। পরে দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। কিন্তু তাতে লাভ হয়নি। দলকে জেতাতে পারেননি না টপ অর্ডার এই ব্যাটসম্যান।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঙ্গলবার বিরাটনাগার কিংসের বিপক্ষে ২ রানে হেরে যায় সাইফদের জানাকপুর বোল্টস। ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় ১৭২ রান পর্যন্ত করতে পারে তারা।
লক্ষ্য তাড়ায় তিনে নেমে পাঁচটি ছক্কা ও দুটি চারে ৪৮ বলে ৭১ রান করেন সাইফ। ইনিংসের শেষ বলে ৩ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি।
দিনের অন্য ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাকিব আল হাসান ও শেখ মেহেদি হাসান। পোখারা অ্যাভেঞ্জার্সের এই দুই স্পিনিং অলরাউন্ডার লাম্বিনি লায়ন্সের বিপক্ষে যথাক্রমে করেন ৩ ও ১৩ রান।
কীর্তিপুরে লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে ক্রিজে যান সাইফ। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে চার মারার পর যেন খোলসে ঢুকে যান তিনি। পরের বাউন্ডারি পেতে তাকে অপেক্ষা করতে হয় ২২ বল।
২২ বলে ২১ রান করা সাইফ ত্রয়োদশ ওভারে অপ্রাজিত পাউডেলকে ছক্কায় ওড়ান। পরে ম্যাথিউসকে মারেন আরেকটি। সপ্তদশ ওভারে আন্দ্রে রাসেলকে ছক্কায় উড়িয়ে ৩৮ বলে ফিফটি স্পর্শ করেন সাইফ।
এরপর সান্দিপ লামিছানে, রুপেশ সিংকে ছক্কা হাঁকান তিনি। শেষ দুই বলে ৭ রানের প্রয়োজনে রাসেলকে চার মেরে জয়ের সম্ভাবনা জাগান সাইফ। কিন্তু শেষ বলে আর পারেননি সমীকরণ মিলিয়ে দলকে উল্লাসে মাতাতে।
কীর্তিপুরেই দিনের দ্বিতীয় ম্যাচে মন্থর শুরু করেন সাকিব। প্রথম তিন বলে তো রানই করতে পারেননি তিনি। পরে ৮ বল খেলে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি।
সাকিবের মতো মন্থর ছিল মেহেদির ব্যাটিংও। প্রথম পাঁচ বলে এক রান করেন তিনি। পরে দশম ওভারে একটি চার মারেন তিনি। ২৪ বল খেলে ওই এক চারে ১৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
সাকিব-মেহেদির বাজে দিনে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯৭ রান করেছে পোখারা।
