নতুন পথ খোঁজার তাগিদ নিয়ে শেষ হলো ‘লিডারশিপ সামিট’
সম্মেলনে দিনভর আলোচনায় শীর্ষ নির্বাহীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
নতুন পথ খোঁজার তাগিদ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হল ‘১০ম লিডারশিপ সামিট’, যেখানে যোগ দিয়েছিলেন দেশি-বিদেশি কোম্পানির শীর্ষ নির্বাহীরা।
সম্মেলনে দিনভর নানা আলোচনায় শীর্ষ নির্বাহীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
‘পুরনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়, নতুন পথ, নতুন ভাবনার তাগিদ’ ঘোষণায় শেষ সম্মেলন।
সোমবার ঢাকার লো মেরিডিয়েন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে ১০ম বারের মতো এ সম্মেলন হয়।
এতে দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন বলে ব্র্যান্ড ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন হয়।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার’।
সম্মেলনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “গত দশ বছর ধরে এই সামিট দেশের ব্যবসার গতিপথ নির্ধারণকারী নেতাদের একত্রিত করে আসছে। আজ এই আলোচনার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরনো পথে হেঁটে আর এগোনো সম্ভব নয়। তাই নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা এবং ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।”
মূল অধিবেশনে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন।
দ্রুত বদলে যাওয়া বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেকে নতুন করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন জিও ইনস্টিটিউটের উপাচার্য অধ্যাপক দীপক সি জৈন।
ট্রু করপোরেশনের গ্রুপ সিইও এবং গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের সাবেক গ্রুপ সিইও সিগভে ব্রেক্কে তার আলোচনায় অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ার উপায় নিয়ে কথা বলেন।
এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান এবং হিন্দুস্তান ইউনিলিভারের সাবেক চেয়ারম্যান সঞ্জীব মেহতা বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।
সম্মেলনের অন্যান্য অধিবেশনে কথা বলেন স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, এসিআইর এমডি আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংকের এমডি ও সিইও হাসান ও রশিদ, রেনাটার সিইও এবং এমডি সৈয়দ এস কাইসার কবির, আইফাদ গ্রুপের গ্রুপ এমডি রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ইডি রূপালী চৌধুরী।
