ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষাতকর রাসায়নিক
বড় ধাক্কা খেল ভারতের জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরি। পরীক্ষায় পানির নমুনা ‘অনিরাপদ’ প্রমাণিত হওয়ায় কোম্পানির বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে খাদ্য নিরাপত্তা সংস্থা।
ভারতের অন্যতম পরিচিত পানীয় পানির যে ব্র্যান্ডের ওপর কোটি কোটি মানুষ চোখ বন্ধ করে ভরসা করে, সেই বিসলেরির বোতলজাত পানিও আর নিরাপদ নয়। বিসলেরির পানির নমুনা পরীক্ষায় পাওয়া গেছে ক্ষতিকর রাসায়নিক উপাদান। এমন রাসায়নিক মানুষের দেহে ঢুকে রক্তে মিশলে একাধিক অঙ্গ বিকল হওয়ার আশঙ্কা রয়েছে।
‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’ যে প্যাকেটজাত পানির বোতল বিক্রি করে তারই কয়েকটির নমুনায় এমন রাসায়নিক পাওয়ার কথা জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্যসুরক্ষা এবং গুণমান নিয়ন্ত্রক সংস্থা (এফএসএসএআই)।
যে দু’টি রাসায়নিক চিহ্নিত করা হয়েছে, সেগুলোর নাম ব্রোমেট ও পিএএইচ। এদের পরিমাণ নির্ধারিত মাত্রা ছাড়ালেই তা শরীরের জন্য বিপজ্জনক। এই রাসায়নিক পাওয়ার পরই কোম্পানিটির বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে এফএসএসএআই।
এফএসএসএআই জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বিসলেরির প্যাকেটজাত পানীয় পানির নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, এতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি। তবে এই পরীক্ষার ফল নিয়ে আপত্তি তোলে বিসলেরি কর্তৃপক্ষ।
এরপর নমুনাটি দ্বিতীয় দফা পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু সেবারও গোলযোগ ধরা পড়ে। পানির নমুনায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (পিএএইচ) এর উপস্থিতি পাওয়া যায়।
ব্রোমেট এবং পিএএইচ- এই দুই ধরনের রাসায়নিকই কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টির সম্ভাবনা থাকা উপাদান হিসেবে পরিচিত। ফলে পানীয় পানির নমুনায় এই উপাদানগুলোর উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রোমেট অজৈব রাসায়নিক। পানি শোধন করার সময়ে, বিশেষ করে জীবাণুমুক্ত করার জন্য যে ওজোন গ্যাস ব্যবহার করা হয়, তা পানিতে মিশে থাকা ক্ষতিকারক অণুজীব ধ্বংস করলেও পানিতে প্রাকৃতিকভাবে থাকা ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে ব্রোমেট তৈরি করে।
পানীয় পানিতে ব্রোমেটের সর্বোচ্চ সহনীয় মাত্রা কত হতে পারে তার মাপকাঠি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে সেটি প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রামের বেশি হওয়া ঠিক নয়। কিন্তু অভিযোগ, বিসলেরির পানিতে ব্রোমেটের মাত্রা এই সীমার চেয়ে অনেক বেশি।
অন্যদিকে, পিএএইচ বা পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন হল জৈব রাসায়নিক। কয়লা, পেট্রোলিয়াম, কাঠ এবং অন্যান্য জৈব পদার্থের অসম্পূর্ণ দহনে এগুলো তৈরি হয়। পানি শোধন প্রক্রিয়া ঠিকমত না হলে, সেই পানিতে পিএএইচ মিশে থাকতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, পানিতে এই রাসায়নিকের মাত্রা প্রতি লিটারে ০ দশমিক৭ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে বিসলেরির বোতলের পানিতে এই রাসায়নিকের মাত্রা বেশি ছিল বলেই অভিযোগ।
ফলে ভারতের ‘খাদ্য নিরাপত্তা ও মান আইন ২০০৬’ অনুযায়ী এই পানি ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করা হয়। এই আইনে কোনও খাদ্য অনিরাপদ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া যায়।
বিসলেরির ক্ষেত্রে দুটি পরীক্ষাগারেই নমুনা অনিরাপদ ঘোষিত হওয়ার পর কোম্পানির বিরুদ্ধে মামলার অনুমতি দেয় এফএসএসএআই। যদিও এই বিষয়ে বিসলেরির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
