২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শান্ত-মারিয়ামে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ

প্রীতি ম্যাচের পাশাপাশি শান্ত-নিবাসের এতিম শিশুদের শিক্ষা, বিনোদনমূলক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:14 AM

Updated : 24 Nov 2026, 12:14 AM

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক কয়েকজন খেলোয়াড়।

সোমবার এ ম্যাচের পাশাপাশি শান্ত-নিবাসের এতিম শিশুদের শিক্ষা, বিনোদনমূলক অনুষ্ঠান হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অনুষ্ঠানে এতিম শিশুরা জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের হাত থেকে পেয়েছে খেলাধুলার উপহারসামগ্রী। পাশাপাশি শিশুদের বোলিং করিয়েছেন ক্রিকেটার নাসির ও রুবেল।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক অনুষ্ঠান উদ্বোধন করেন।

প্রীতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি। ব্যাট হাতে মাঠে দেখা যায় রুবেল ও নাসিরকে। পাশাপাশি মার্শাল আয়ুবের ঝোড়ো ব্যাটিংয়ে ১২ ওভারে ১৪৮ রানের লক্ষ্য দাঁড় করায় নাসিরদের দল।

অপরদিকে আইন বিভাগের অধিনায়ক পারভেজ ও ওপেনার শুভর ব্যাটিংয়ে ভালো শুরু হয়। আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. রিয়ার হাসানের ব্যাটিংয়ে জয় তুলে নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।

ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ডিবিএ বিভাগের প্রধান অধ্যাপক বেহযাদ নূর, আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নূরল হক।