২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

ফায়ার সার্ভিস বলেছে, আগুন নেভানোর পর মালামাল গোছানোর সময় দেয়াল ধসে দুজনের মাথায় পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:13 AM

Updated : 24 Nov 2026, 12:13 AM

ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানার আগুন নেভাতে গিয়ে নিজেদের দুই কর্মীর আহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ বেড়িবাঁধ নদীর পাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই কর্মী হলেন, জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। সহকর্মীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের উপসহকারী পরিদর্শক শাহজাহান শিকদার বলেন, লালবাগ বেড়িবাঁধ এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর আসে।

“ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পর মালামাল গুটিয়ে আনার সময় হঠাৎ ওপর থেকে একটি দেয়াল ধসে ওই দুই ফায়ার ফাইটারের মাথার ওপর পড়ে। এতে তারা আহত হন।”

তিনি বলেন, “আমরা চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। দুজনের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে, তবে গুরুতর নয়।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।