২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীর ‘গ্রিন সিটিতে’ কক্ষের দরজা ভেঙে রুশ নাগরিকের লাশ উদ্ধার

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।

ঈশ্বরদীর ‘গ্রিন সিটিতে’ কক্ষের দরজা ভেঙে রুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 12:02 AM

Updated : 24 Nov 2026, 12:02 AM

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’ থেকে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান।

নিহত বুখিনস্কি ইভগেনি বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্গো’তে কর্মরত ছিলেন।

ওসি আসাদুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে ওই রুশ নাগরিকের কক্ষ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি সন্দেহজনক হলে নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুম তাকে মৃত অবস্থায় পায়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি আসাদুর রহমান।