২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ ধারণাটি বহুজাতিকদের চাপিয়ে দেওয়া: ফরিদা আখতার

সাবেক অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টার দৃষ্টিতে, ‘স্মার্ট’ শব্দটা একেবারেই শহুরে; এর সঙ্গে কৃষকের কোনো সম্পর্ক নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 11:52 PM

Updated : 23 Nov 2026, 11:52 PM

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার নামে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ বা ‘নেচার-বেইজড সলিউশনের’ মতো শব্দগুলো বহুজাতিক কোম্পানির চাপিয়ে দেওয়া ধারণা বলে মন্তব্য করেছেন ফরিদা আখতার।

সোমবার ঢাকায় কারিতাস বাংলাদেশের এক সেমিনারে সাবেক অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কৃষকের কাছে কী মানে দাঁড়াতে পারে? ‘স্মার্ট’ শব্দটা তো একেবারেই শহুরে শব্দ, এর সঙ্গে কৃষকের কোনো সম্পর্ক নেই।

“কোম্পানিগুলো আমাদের শব্দ ও ধ্যানধারণা কেড়ে নিয়ে নিজেদের মতো করে প্রবর্তন করতে চায়। ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ বা ‘নেচার-বেইজড সলিউশন’, এগুলোকে আমরা এগ্রোইকোলজির অংশ মনে করি না।”

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-বার্ক মিলনায়তনে এ সেমিনার হয়, যার শিরোনাম ছিল ‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক (এগ্রোইকোলজি) পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’।

জলবায়ু পরিবর্তন এখন ‘জলবায়ু দুর্যোগে’ রূপ নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, কৃষকের বীজ কৃষকের হাতেই থাকতে হবে।

গবেষণায় উঠে আসা তথ্য তুলে ধরতে সেমিনার করা হয়। গবেষণাটি করা হয় উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় কৃষিবাস্তুতন্ত্রের মাধ্যমে সহনশীলতা গড়ে তোলার বিষয়ে। এর ফল তুলে ধরেন অস্ট্রিয়ার বকু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মাইকেল হাউজার।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা বলেন, একটি সাইক্লোন শেল্টার নির্মাণের খরচে উপকূলে অন্তত ৩২টি পাকা বাড়ি নির্মাণ করা সম্ভব।

কলাপাড়ায় নির্মিত ২৮টি দোতলা পাকা বাড়ির উদাহরণ দিয়ে তিনি বলেন, মানুষ টেকসই ঘর পেলে সেখানেই বীজ ও গবাদিপশু নিরাপদে রেখে কৃষিকাজ চালিয়ে যেতে পারবে, সাইক্লোন শেল্টারের প্রয়োজন হবে না।

ক্যাফডের (সিএএফওডি) বাংলাদেশ, মিয়ানমার ও কম্বোডিয়ার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রিচার্ড স্লোম্যান বলেন, বিশ্বজুড়ে মানবিক সহায়তা তহবিল কমে আসার এই সময়ে স্থানীয় নেতৃত্বাধীন প্রকৃতিনির্ভর কৃষিবাস্তুতন্ত্র অত্যন্ত কার্যকর ও সাশ্রয়ী সমাধান।

গবেষণায় উঠে আসা ‘সামাজিক সংহতি’ দুর্যোগ-পরবর্তী ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে মন্তব্য করে পটুয়াখালী ও খুলনার দাকোপের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় এ ধরনের প্রকল্পে বিনিয়োগ বাড়াতে দাতা সংস্থা ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ক্যাফডের সহায়তায় কারিতাস বাংলাদেশ ২০১৯ সাল থেকে উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক ‘প্রয়াস’ প্রকল্প বাস্তবায়ন করছে।

২০২৪ সালের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তিনটি গ্রামের ২৯৭টি প্রকল্পভুক্ত পরিবার এবং প্রকল্পের বাইরের ৮০টি পরিবারের ওপর তুলনামূলক এ গবেষণা চালানো হয়।

গবেষণায় দেখা যায়, কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক কৃষিকাজে যুক্ত পরিবারগুলো অন্যদের তুলনায় প্রায় অর্ধেক ক্ষতির মুখে পড়েছে এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরেছে। প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠ বিদ্যালয়ে অংশ নিয়েছে, ৯৭ শতাংশের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল এবং ৯৯ শতাংশের বাড়ির আঙিনায় সবজি বাগান ছিল; যেখানে প্রকল্পের বাইরের পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ। এছাড়া দুর্যোগ-পরবর্তী সময়ে প্রকল্পভুক্ত ৭৩ শতাংশ পরিবার নিজেদের সঞ্চয় ব্যবহার করে পরিস্থিতি সামাল দিলেও প্রকল্পের বাইরের ৫৪ শতাংশ পরিবার ঋণ বা বাকির ওপর নির্ভর করেছে।

সেমিনারে অন্যদের মধ্যে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ, কারিতাস বাংলাদেশের পরিচালক ( কর্মসূচি) অপূর্ব ম্রং, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী কামরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক কে এম মামুন উজ্জামান, মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আফছার আলী এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির উপস্থিত ছিলেন।