প্রবাসীদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তি বদলানোর তাগিদ
পর্তুগালের কোয়েম্ব্রার ডাচেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা বলেন, প্রবাসীদের দেশের সঙ্গে যুক্ত করতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিকাশ জরুরি।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ দেশের উন্নয়নে কাজে লাগানোর পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে যুক্ত বিশিষ্টজনরা।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অক্সফ্যাম ইন বাংলাদেশ আয়োজিত এক সংলাপে তারা এ আহ্বান জানান।
‘আনলকিং ডায়াসপোরা পটেনশিয়াল: ফ্রম কানেকশন টু পার্টনারশিপ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে দেশের সেতুবন্ধ তৈরির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ব্রিজ টু বাংলাদেশ’ (বিটুবি) আনুষ্ঠানিকভাবে সাত সদস্যের একটি স্বতন্ত্র বোর্ডের কাছে হস্তান্তর করে অক্সফ্যাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে ২০২২ সাল থেকে অক্সফ্যাম ইন বাংলাদেশের তত্ত্বাবধানে গড়ে ওঠা এ প্ল্যাটফর্ম প্রবাসী পেশাজীবী, শিক্ষাবিদ ও উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা ও নেটওয়ার্ককে দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করতে কাজ করছে।
নবগঠিত ‘ব্রিজ টু বাংলাদেশ’ উপদেষ্টা বোর্ডের চেয়ারপারসন ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল অনুষ্ঠানে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের তাঁতি ও কারুশিল্পীদের সহায়তা করাই তার কাজের মূল লক্ষ্য।
কৃষির পর কারুশিল্প বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাত হলেও এ নিয়ে যথেষ্ট আলোচনা হয় না মন্তব্য করে তিনি বলেন, “দুঃখজনক বিষয় হল, দেশের তাঁতশিল্পের প্রায় ৯০ শতাংশই হারিয়ে গেছে। আমরা এখন যা কিনছি, তার সবই পাওয়ার লুম ও মেশিনে তৈরি।
“ইউরোপ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার যেকোনো জাদুঘরে গেলে বাংলাদেশের মসলিন কাপড়ের দেখা মেলে; অথচ আজ মসলিন বলে যা বিক্রি হচ্ছে, তা শতভাগ মেশিনে তৈরি—মসলিনের মত, কিন্তু মসলিন নয়।”
মানুষের মানবিক মর্যাদা রক্ষা এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের ওপরও গুরুত্ব দেন বিবি রাসেল।
তিনি বলেন, “আমি কোনো এনজিও নই, কারও অনুদানও নিই না; আমি আমার স্বপ্ন বিক্রি করি না। আমাকে যদি মিলিয়ন ডলার দিয়ে ইউরোপে থাকতে বলা হয়, তবুও আমি আমার কাজ ছাড়ব না। শহরের চেয়ে গ্রামেই আমি বেশি থাকি এবং দেশের সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”
‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্ম এগিয়ে নিতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত এক ভিডিওবার্তায় বলেন, “‘ব্রিজ টু বাংলাদেশ’ অক্সফামের একটি সন্তানের মত। একদম শুরু থেকেই এর ধারণাগত পর্যায় ও প্ল্যাটফর্মটি গড়ে তোলার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। এখন এটি এমন এক পরিপক্ব পর্যায়ে পৌঁছেছে যে একটি স্বতন্ত্র উপদেষ্টা বোর্ড এর দায়িত্ব নিচ্ছে এবং এটি স্বাধীন সত্তা হিসেবে কাজ করবে।”
এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের সঙ্গে যুক্ত হয়ে জ্ঞান বিনিময় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সফররত পর্তুগালের কোয়েম্ব্রার ডাচেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা বলেন, প্রবাসীদের দেশের সঙ্গে যুক্ত করতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিকাশ জরুরি। গ্রাম বা মফস্বলের মানুষ অনেক সময় নিজেদের গণ্ডির বাইরে বড় স্বপ্ন দেখতে ভয় পায়।
তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সফল প্রবাসী ও উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আরও সংলাপ আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে তরুণরা বুঝতে পারবে, ভালো একটি দল ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব।
পর্তুগালের কোয়েম্ব্রার ডিউক কনসোর্ট দুয়ার্তে দে সুজা আরাউজো মার্তিন্স বলেন, বিদেশে যাওয়া অনেকের মধ্যে নিজের দেশ ও শেকড় নিয়ে গর্ব বা দেশপ্রেমের ঘাটতি দেখা যায়। এর মূল কারণ নিজের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগের অভাব।
পর্তুগালের ৯০০ বছরের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে তার স্ত্রী ফ্রান্সিসকা আট পর্বের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন বলে জানান তিনি।
পর্তুগিজদের মত বাংলাদেশিদেরও নিজের মাটির প্রতি গভীর টান রয়েছে, সে কথা তুলে ধরে আরাউজো মার্তিন্স বলেন, “উন্নত আয়ের আশায় বিদেশে যাওয়া দক্ষ পেশাজীবীদের দেশে ফিরিয়ে আনতে কার্যকর নীতি ও আর্থিক প্রণোদনা প্রয়োজন। পর্তুগালে প্রবাসীদের ফেরাতে ‘প্রোগ্রামা রেগ্রেসার’ (রিটার্ন প্রোগ্রাম) চালু করা হয়েছিল, যার আওতায় দেশে ফেরা প্রবাসীদের পাঁচ বছরের জন্য ৫০ শতাংশ কর ছাড় ও ফ্ল্যাট ইনকাম ট্যাক্স সুবিধা দেওয়া হয় এবং এতে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। রাতারাতি ন্যূনতম মজুরি বাড়ানো কঠিন হলেও কর ছাড়ের মত নীতি সরকার সহজেই বাস্তবায়ন করতে পারে।”
লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ আলিউর রহমান বলেন, “যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠার সুবাদে দেখেছি, বিদেশে বাংলাদেশ সম্পর্কে প্রায়ই কেবল নেতিবাচক কথাই শোনা যায়; অথচ বাংলাদেশের অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। কূটনীতিক ও রাজনীতিবিদসহ যারা বিদেশে যান, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে—বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন, যাতে প্রবাসের তরুণ প্রজন্ম দেশে আসার তাগিদ অনুভব করে।”
প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশি যে দেশের চা বাগান থাকার কথাও জানে না, সে বিষয়টি তুলে ধরেন তিনি।
আলিউর রহমান বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ। সব সমস্যার সমাধান কেবল পশ্চিমা বিশ্বে নেই; ভবিষ্যতের সমাধান দেওয়ার মতো অনেক কিছুই বাংলাদেশের রয়েছে।
দেশে প্রতিদিন নতুন নতুন সংবাদমাধ্যম প্রতিষ্ঠিত হচ্ছে এবং টেলিভিশনের টক শো বেশ জনপ্রিয়; সে কথা তুলে ধরে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান বলেন, এ থেকে বোঝা যায়, দেশের মানুষের মধ্যে প্রচুর নতুন ধারণা রয়েছে।
তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন টকশো ও পত্রিকা থেকে প্রকৃত আইডিয়াদাতা ও বিশেষজ্ঞদের বাছাই করে তাদের সঙ্গে প্রবাসী বিশেষজ্ঞদের সেতুবন্ধন তৈরি করতে হবে। একসঙ্গে সব খাতে না গিয়ে শুরুতে প্রযুক্তি বা সেমিকন্ডাক্টরের মত দুই থেকে তিনটি সুনির্দিষ্ট খাতে মনোযোগ দেওয়া উচিত।”
বিশ্ববাজারে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড না থাকার বিষয়টিও তুলে ধরেন সবুর খান।
তিনি বলেন, “পোশাক খাতে বাংলাদেশ বিশ্বে সেরা হলেও আন্তর্জাতিক বাজারে আমাদের নিজস্ব একটি ব্র্যান্ডও নেই। বিদেশের বড় ব্র্যান্ডের দোকানগুলোতে গেলে দেখা যায় ৯৯ শতাংশ পণ্যই বাংলাদেশের তৈরি; অথচ তারা নিজেদের নামে সেগুলো বাজারজাত করে ৫০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত মূল্য সংযোজন করছে।”
সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান বলেন, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে আনুমানিক ১৬০ থেকে ১৭০টি দেশেই বাংলাদেশি প্রবাসীরা ছড়িয়ে আছেন। মালয়েশিয়ায় ২০ লাখের বেশি, দক্ষিণ কোরিয়ায় প্রায় ৭০ হাজার এবং মালদ্বীপের মোট জনসংখ্যার ২৫ শতাংশই বাংলাদেশি। আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে শুরু করে আইসল্যান্ড, মাইক্রোনেশিয়া ও পালাউয়ের মতো দেশেও বাংলাদেশিরা রয়েছেন।
যুক্তরাজ্যে বাংলাদেশিদের ব্যবসায়িক পরিচিতি তুলে ধরে তিনি বলেন, “যুক্তরাজ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর সংখ্যা ১০ হাজারের বেশি। সেখানে নিজেদের ‘ইন্ডিয়ান রেস্তোরাঁ’ হিসেবে পরিচয় দেওয়া ৯৫ শতাংশ রেস্তোরাঁর মালিকই আসলে বাংলাদেশি। ৫০ বছর আগে এটি ঠিক থাকলেও এখন তা হওয়ার কোনো কারণ নেই; তাই ব্রিটিশ বাংলাদেশিদের প্রতি আমার আহ্বান—আপনারা নিজেদের রেস্তোরাঁকে ‘বাংলাদেশি রেস্তোরাঁ’ হিসেবে পরিচয় দিন।”
যুক্তরাজ্যে হাজার হাজার বাংলাদেশি চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ব্যাংকার হিসেবে শীর্ষ পর্যায়ে কাজ করছেন বলেও জানান তিনি। ক্রীড়াক্ষেত্রেও হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
প্রবাসে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখা, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়ানো এবং বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি বদলাতে প্রবাসীদের ‘দূত’ হিসেবে কাজ করার আহ্বান জানান ফারুক সোবহান।
ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের পরিসংখ্যান ও ফলাফল বিষয়ক উপদেষ্টা অ্যাবি ডেভিস বলেন, “কূটনৈতিক ও উন্নয়নবিষয়ক দৃষ্টিভঙ্গি অবদান রাখতে পারে। তবে এই উদ্যোগের প্রকৃত শক্তি নিহিত রয়েছে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মিলিত কণ্ঠস্বর ও অভিজ্ঞতার মধ্যে।”
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন।
‘ব্রিজ টু বাংলাদেশ’ উপদেষ্টা বোর্ডের সাত সদস্য হলেন—ফ্যাশন ডিজাইনার ও সমাজকর্মী বিবি রাসেল; উন্নয়ন ও প্রতিবন্ধিতা বিষয়ক পরামর্শক জুলিয়ান ফ্রান্সিস; ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক মহাপরিচালক আজিজ-উর-রহমান; যুক্তরাজ্যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপসের নির্বাহী চেয়ারম্যান নাজির আলম; ইউনিভার্সিটি অব শেফিল্ডের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক; দ্য ডেইলি স্টারের বিপণন বিভাগের প্রধান ইমরান কাদির এবং যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা কামাল আলী।
