১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ডাচেস সোফির উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন

১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর পর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 08:49 PM

Updated : 11 Nov 2026, 08:49 PM

ডাচেস অব এডিনবরা সোফির উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে ব্রিটিশ কাউন্সিল।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল বলেছে, ১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর পর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে।

“পাশাপাশি সংস্থার বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত তরুণদের কাজ ও অভিজ্ঞতার কথাও উঠে আসে।”

শিক্ষা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অংশীদারত্বে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের ভূমিকার সঙ্গে যুক্ত সাবেক শিক্ষার্থী, চেইঞ্জমেকার, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও অংশীদারেরা এ আয়োজনে অংশ নেন।

ডাচেস সোফির উপস্থিতির ফলে এবারের আয়োজনে বিশেষ মাত্রা যুক্ত হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সাংস্কৃতিক বন্ধনকে স্বীকৃতি জানাতে তিনি এ উদযাপনে যোগ দেন।

সফরকালে নারী ক্ষমতায়ন, ‘গ্রিন অন্ট্রাপ্রেনিউরশিপ’ বা সবুজ উদ্যোক্তা কার্যক্রম ও আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তাদের উদ্যোগ, কাজ ও অভিজ্ঞতার কথা শোনেন ডাচেস।

এ সময় ডাচেস অব এডিনবরাকে ব্রিটিশ কাউন্সিলের ‘ইয়াং লার্নার আর্ট কম্পিটিশন’-এর এক বিজয়ীর আঁকা চিত্রকর্ম উপহার দেওয়া হয়। আন্তর্জাতিক ‘শু বিং স্পেস আর্ট রেসিডেন্সি কম্পিটিশন ২০২৬–২৭’-এর সঙ্গে যুক্ত এ প্রতিযোগিতায় তরুণ শিক্ষার্থীদের পৃথিবীর বাইরের জগতে শিল্পের সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করা হয়।

সৃজনশীলতা, বিজ্ঞান ও মহাকাশের সমন্বয়ে আরও সংযুক্ত ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ কেমন হতে পারে, সে বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পান তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের কাজের তিনটি দিক তুলে ধরা হয়। এগুলো হল তরুণদের ক্ষমতায়ন, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমে সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্র বিস্তৃত করা।

অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রিন অন্ট্রাপ্রেনিউরশিপ’ বা সবুজ উদ্যোক্তা কার্যক্রম, ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) এবং আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত অংশগ্রহণকারী ও সাবেক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এসব কর্মসূচি তাদের কাজের ধরন কীভাবে বদলে দিয়েছে এবং বাংলাদেশের বাইরেও যোগাযোগ ও কাজের সুযোগ তৈরি করেছে, সে কথাও জানান তারা।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “শিক্ষা, ইংরেজি ভাষা ও শিল্পের মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে গত ৭৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল।

“সময়ের সঙ্গে দেশের চাহিদা ও মানুষের প্রত্যাশা বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাজের ধরনও বদলাতে হবে। আমরা চাই, তরুণেরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করুক এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের সুযোগ পাক।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দীর্ঘদিনের। আমরা প্রতিবেশী প্রতিষ্ঠান হিসেবে রয়েছি দীর্ঘদিন ধরে।

“কিন্তু সময়ের সঙ্গে শুধুমাত্র সে পরিচয় ছাপিয়ে শিক্ষা, সংস্কৃতি, মতবিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগের নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছি।”

সামনের দিনে তরুণদের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের নতুন দক্ষতা, বিশ্ব সম্পর্কে বিস্তৃত ধারণা, ডিজিটাল জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা তৈরির উপর জোর দেন তিনি।