২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরাকান দেখেননি, তবু সেখানেই ফিরতে চান রোহিঙ্গা তরুণী খুশি

কুতুপালং শরণার্থী শিবিরে জন্ম নেওয়া রহিমা খাতুন দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতের দোভাষীর দায়িত্বও পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 07:14 PM

Updated : 20 Nov 2026, 07:14 PM

আরাকান কখনও দেখা হয়নি তার। জন্ম বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে। শৈশব কেটেছে সেখানেই। যে শিক্ষাকেন্দ্রে পড়েছেন, সেখানে ছিল না আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থার সুযোগ। তাই উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে তাকে খুঁজতে হয়েছে ভিন্ন পথ। যদিও সেই পথ সহজ ছিল না।

রোহিঙ্গা পরিচয় আড়াল করে বাংলাদেশের মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেন রাহিমা খাতুন খুশি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও যুক্ত হন। কিন্তু একসময় নিজের পরিচয় আর গোপন রাখতে চাননি তিনি।

২০১৮ সালে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেন, তিনি রোহিঙ্গা। উচ্চশিক্ষা গ্রহণের জন্য তাকে কীভাবে পরিচয় গোপন করতে হয়েছে, সেই অভিজ্ঞতাও তুলে ধরেন।

এরপরই বদলে যায় তার জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা, ঘৃণা ও হয়রানি। এমনকি শারীরিক হুমকির মুখেও পড়তে হয় তাকে। ২০১৯ সালের সেপ্টেম্বরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় বলে জানান খুশি।

কিন্তু নিজের পরিচয় বদলানোর সিদ্ধান্ত নেননি।

বরং যে পরিচয়ের কারণে তাকে এত বাধার মুখে পড়তে হয়েছে, সেই পরিচয়ের মানুষের অধিকার আদায়ের লড়াইকেই জীবনের লক্ষ্য করে নেন তিনি।

বাংলাদেশে থাকতেই রোহিঙ্গা গণহত্যার মামলায় তথ্য-প্রমাণ সংগ্রহ ও সাক্ষ্য নথিবদ্ধ করার কাজে আন্তর্জাতিক আইনজীবীদের সহযোগিতা করেন। পরে পরিবারের সঙ্গে কানাডায় পুনর্বাসিত হন। সেখানেও পড়াশোনার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অধিকার নিয়ে কাজ চালিয়ে যান।

এরই ধারাবাহিকতায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যার মামলায় নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে অংশ নেন তিনি। সাক্ষীদের সহায়তার পাশাপাশি আদালতে দোভাষীর দায়িত্বও পালন করেন।

কুতুপালং শরণার্থী শিবিরে জন্ম নেওয়া একটি মেয়ের আন্তর্জাতিক বিচার আদালত পর্যন্ত পৌঁছানোর এই যাত্রার গল্প শুনিয়েছে খুশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

শিবিরের শিক্ষাকেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ে

কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের শিক্ষাজীবন নিয়ে খুশি বলেন, “একজন শরণার্থী হয়ে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা সহজ নয়। ক্যাম্পে আমার পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত হয়েছিল। কিন্তু ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল উচ্চশিক্ষা গ্রহণ করব।”

শরণার্থী হিসেবে বেড়ে ওঠার কারণে শিক্ষার পথে নানা বিধিনিষেধ ও প্রতিবন্ধকতা ছিল। কিন্তু সেই বাধা তাকে স্বপ্ন দেখা থেকে বিরত রাখতে পারেনি।

পরে কক্সবাজার শহরে এসে পড়াশোনা শুরু করেন। বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন।

শিক্ষার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি। প্রথম আলো বন্ধুসভা, স্কাউটিং ও বিভিন্ন তরুণ সংগঠনে কাজ করেছেন। নেতৃত্ব দিয়েছেন তরুণদের বিভিন্ন উদ্যোগেও।

তবে এসব কর্মকাণ্ডের মধ্যেও একটি বিষয় তাকে ভাবাত, নিজের পরিচয়।

পরিচয় গোপন রাখার জীবন আর ভালো লাগেনি

বাংলাদেশে রোহিঙ্গাদের উচ্চশিক্ষার সুযোগ সীমিত। সেই বাস্তবতায় পড়াশোনা চালিয়ে যেতে নিজের পরিচয় গোপন করেছিলেন বলে জানান খুশি।

বাংলা ভাষায় দক্ষতা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিতি তাকে মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দেয়। কিন্তু পরিচয় গোপন রেখে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে একসময় মানসিক দ্বন্দ্ব তৈরি হয়।

২০১৮ সালে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা শিশুদের শিক্ষার সংকট এবং উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে নিজের বাধাগুলো তুলে ধরেন।

সেই সাক্ষাৎকারে নিজের একটি স্বপ্নের কথাও বলেছিলেন, নিজের সম্প্রদায়ের সবচেয়ে শিক্ষিত নারীদের একজন হয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।

“আমি চাইনি একটা ফেক আইডেন্টিটি নিয়ে সারাজীবন কাটাতে। আমি চেয়েছি, একজন রোহিঙ্গা খুশি হিসেবে নিজেকে পরিচয় দিতে।”

তার ভাষ্য, এপি-তে সাক্ষাৎকার প্রকাশের পর কয়েকটি স্থানীয় গণমাধ্যমে তার বক্তব্য নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। শুধু শিক্ষার জন্য পরিচয় গোপন করার বিষয়টিকে কেন্দ্র করে তাকে সমালোচনার মুখে পড়তে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও হয়রানি বাড়তে থাকে। বিভিন্ন সময় শারীরিক হুমকিও পেয়েছেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়, তবু থামেননি

২০১৯ সালের সেপ্টেম্বরে কক্সবাজারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয় বলে জানান খুশি।

তার অভিযোগ, গণমাধ্যমে তার পরিচয় প্রকাশের পর সৃষ্ট চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। অথচ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। তার জন্য পূর্ণ বৃত্তির ব্যবস্থাও ছিল। তারপরও শুধু রোহিঙ্গা হওয়ার কারণে তাকে বের করে দেওয়া হয়। যদিও কেন তাকে বাদ দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ব্যাখ্যা পাননি।

এই ঘটনার পর দীর্ঘদিন অনেকটা ঘরবন্দি থাকতে হয় তাকে। এর মধ্যে শুরু হয় করোনাভাইরাস মহামারি। ফলে তার ব্যক্তিগত জীবন ও শিক্ষার সংকট আরও জটিল হয়ে ওঠে। কিন্তু এই সময়টাতেও রোহিঙ্গাদের জন্য কাজ চালিয়ে যান খুশি।

ক্যাম্পে ক্যাম্পে পৌঁছেছিল তার কণ্ঠ

করোনাভাইরাস মহামারির সময় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে স্বাস্থ্যসচেতনতা তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। ঘনবসতিপূর্ণ পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন ছিল। রোহিঙ্গা ভাষার লিখিত রূপ ও প্রচলিত লিপির সীমাবদ্ধতার কারণে মৌখিক যোগাযোগও ছিল গুরুত্বপূর্ণ।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সচেতনতামূলক বার্তা রোহিঙ্গা ভাষায় প্রচারের একটি প্রকল্পে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন খুশি।

তার রেকর্ড করা বার্তা ৩০টির বেশি শরণার্থী শিবিরে প্রচার করা হয়েছিল বলে জানান তিনি। করোনাভাইরাস থেকে সুরক্ষা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে এসব বার্তায় জানানো হতো।

একসময় আন্তর্জাতিক আইনি সংস্থা লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের সঙ্গে কাজ শুরু করেন। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে চলা মামলার জন্য তথ্য-প্রমাণ নথিবদ্ধ করা এবং সাক্ষ্য সংগ্রহের কাজে আন্তর্জাতিক আইনজীবীদের সহযোগিতা করেন। সেখান থেকেই তার কাজের পরিসর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়ায়।

কানাডায় গিয়েও রোহিঙ্গাদের পাশে

২০২৩ সালে মা ও ভাইবোনদের সঙ্গে কানাডায় পুনর্বাসিত হন খুশি। বর্তমানে অন্টারিওর কিচেনার-ওয়াটারলু অঞ্চলে থাকেন তিনি। সেখানে উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করছেন।

কানাডায় রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনে সহায়তাকারী প্রতিষ্ঠান রিসেপশন হাউস ওয়াটারলু রিজিয়নে কাজ শুরু করেন।

প্রায় নয় মাস স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পর এখন প্রতিষ্ঠানটিতে লাইফ স্কিলস ফ্যাসিলিটেটর ও সেটেলমেন্ট ওয়ার্কার হিসেবে দায়িত্ব পালন করছেন।

কানাডায় নতুন আসা রোহিঙ্গা পরিবারগুলোকে সেখানকার জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে সহায়তা করেন তিনি। ব্যাংক হিসাব খোলা, স্বাস্থ্যসেবা কার্ডের আবেদন, আবাসনসংক্রান্ত সহায়তা এবং বিভিন্ন দাপ্তরিক কাজেও তাদের পাশে দাঁড়ান।

দ্য হেগের আদালতে সাক্ষীদের দোভাষী

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানিতে অংশ নিতে তাকে যেতে হয় নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে। সেখানে গাম্বিয়ার আইনজীবী দলের সঙ্গে যুক্ত হয়ে সাক্ষীদের সহায়তা করেন। আদালতে দোভাষী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এই কাজে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়াশোনার সময়ও কমিয়ে আনতে হয়েছিল তাকে।

খুশি জানান, তিনি কানাডার বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষার্থী এবং বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। আদালতের শুনানিতে অংশ নেওয়ার জন্য এক সেমিস্টারে তার পড়াশোনা খণ্ডকালীন করতে হয়। এতে বৃত্তির অর্থ থেকে প্রায় এক হাজার কানাডীয় ডলার কমে যায়।

“আমি অর্থের কথা ভাবিনি। আমি চেয়েছি, আমাদের নির্যাতনের শিকার মানুষ ও সাক্ষীদের পাশে দাঁড়াতে।”

খুশির কাছে এটি শুধু একটি পেশাগত দায়িত্ব ছিল না; বরং রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ প্রচেষ্টায় নিজের অংশগ্রহণের সুযোগ।

কানাডার পার্লামেন্টেও রোহিঙ্গা সংকট তুলে ধরছেন

আন্তর্জাতিক বিচার আদালতের কাজের পাশাপাশি কানাডায় রোহিঙ্গা সংকট নিয়ে জনমত তৈরি ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগের কাজ করছেন খুশি।

বিশ্ববিদ্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রেখে রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনের বিষয়টি তুলে ধরছেন।

সাক্ষাৎকারের প্রায় দুই মাস আগে কানাডার পার্লামেন্ট হিলে এক সপ্তাহের একটি অ্যাডভোকেসি কার্যক্রমেও অংশ নেন তিনি। সেখানে প্রায় ২৫ জন শিক্ষার্থী ও তরুণ নেতৃত্বের সঙ্গে কয়েকজন রোহিঙ্গা প্রতিনিধি ছিলেন।

খুশির উদ্বেগ, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধীরে ধীরে রোহিঙ্গা সংকট থেকে সরে যাচ্ছে।

তিনি বলেন, “আমরা কানাডার নেতাদের সঙ্গে কাজ করছি, যাতে রোহিঙ্গা ইস্যুটি সক্রিয় থাকে। কারণ, বিশ্ব প্রায় ভুলতে বসেছে।”

যে আরাকান কখনো দেখেননি, সেখানেই ফিরতে চান

খুশির জন্ম বাংলাদেশে, বেড়ে ওঠাও বাংলাদেশে। আরাকান তিনি কখনো দেখেননি। তারপরও সেই ভূখণ্ডই তার কাছে মাতৃভূমি। এই অনুভূতির শিকড় তার নিজের অভিজ্ঞতায় নয়, বরং মা-বাবার স্মৃতি ও গল্পে।

১৯৯২ সালে তার মা পরিবারসহ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলেন। পালানোর সময় তাদের বাড়িতে একটি কুকুর ছিল। নিরাপত্তার কারণে নৌকায় ওঠার সময় কুকুরটিকে সঙ্গে নেওয়ার সুযোগ হয়নি।

খুশি জানান, তার মা এখনও সেই কুকুরের কথা মনে করে কষ্ট পান। তাদের বাড়ি, চাষের জমি ও পরিচিত পরিবেশ ছেড়ে আসার স্মৃতিও এখনো পরিবারের আলোচনায় ফিরে আসে।

খুশি বলেন, “আমি আরাকান দেখিনি, কিন্তু রোহিঙ্গা গণহত্যা দেখেছি। আমি আরাকান দেখিনি, কিন্তু আমার মাকে বলতে শুনেছি, আরাকান তাদের কাছে কী।”

মায়ের স্মৃতির মধ্য দিয়েই তার কাছে আরাকান হয়ে উঠেছে নিজের ঠিকানা।

কানাডায় পড়াশোনা, চাকরি ও নতুন জীবন, সবকিছু চললেও নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা হারাননি তিনি।

“সত্যি বলতে, কানাডায় স্থায়ী হওয়া আমার স্বপ্ন নয়। আমি কঠোর পরিশ্রম করছি, স্বপ্ন দেখছি একদিন আরাকানে ফিরে যাব।”

তবে শুধু নিজের ফিরে যাওয়াই নয়, অন্য রোহিঙ্গারাও যেন ফিরতে পারেন, সেই পরিবেশ তৈরির জন্য কাজ করতে চান তিনি।

খুশির মতে, প্রত্যাবাসন ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পুরো সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা। আরাকানে শান্তি প্রতিষ্ঠা, মর্যাদা ও পরিচয়ের স্বীকৃতি নিশ্চিত হলে পরিবারের সবাইকে নিয়ে ফিরে যেতে প্রস্তুত তিনি।