আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা, ‘আমাদেরও বাঁচার হক আছে’
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে এই মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা হওয়ার কথা।
“এই দুনিয়ায় আমাদেরও বেঁচে থাকার হক আছে। দুনিয়ার সকল ইনসাফবান মানুষ আমাদের পক্ষে।”
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার রায়ের অপেক্ষায় থাকা খালেদ হোসেনের কণ্ঠে তাই শুধু একটি রায়ের প্রত্যাশা নয়, ফিরে পাওয়ার আকুতিও।
মিয়ানমারের মংডু শহরের উত্তরে ফইরা বাজার এলাকায় ছিল তার বাড়ি। এখন থাকেন কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে। রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের এই নেতা চান, আদালতের রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার স্বীকৃতি আসুক। তবে তার কাছে সেই স্বীকৃতির চেয়েও গুরুত্বপূর্ণ নিজের ভিটেমাটিতে ফিরে যাওয়ার অধিকার।
“আমরা তো এখানে থেকে যাওয়ার জন্য আসি নাই। আমরা চলে যেতে চাই আমাদের জমিনে। নাগরিকত্ব ও নিরাপত্তার সঙ্গে চলে যেতে চাই নিজের বাপ-দাদার ভিটায়।”
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেবে আন্তর্জাতিক বিচার আদালত, এমন প্রত্যাশা করছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে এই মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা হওয়ার কথা।
রোহিঙ্গাদের কাছে এই রায় কেবল অতীতের নির্যাতনের বিচার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নিজেদের পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব ফিরে পাওয়া এবং নিরাপত্তার সঙ্গে মাতৃভূমিতে প্রত্যাবর্তনের আশা। তবে রায় পক্ষে এলেই যে সংকটের সমাধান হবে, তা মনে করছেন না তাদের নেতারা। তাদের মতে, রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশকেও কার্যকর ভূমিকা নিতে হবে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে ও পরে আসা রোহিঙ্গাদের নিয়ে কক্সবাজারের শিবিরগুলোতে এখন ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়ে আছে। আট বছর পেরিয়ে নবম বছরে পড়েছে তাদের বাস্তুচ্যুত জীবন।
এই দীর্ঘ অপেক্ষার মধ্যে আইসিজের রায়কে নিজেদের ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন রোহিঙ্গারা।
‘রায় রোহিঙ্গাদের পক্ষে নয়, ইনসাফের পক্ষে’
আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সভাপতি ও রোহিঙ্গা যুবনেতা মুজিবুর রহমান মনে করেন, এই বিচারকে শুধু রোহিঙ্গাদের পক্ষে-বিপক্ষে দেখার সুযোগ নেই। তার ভাষায়, এই রায় আন্তর্জাতিক আইন ও মানবতার পক্ষে আসা উচিত।
বুধবার তিনি বলেন, “এই রায় রোহিঙ্গাদের পক্ষে না। এই রায় ইনসাফের পক্ষে, ইন্টারন্যাশনাল লয়ের পক্ষে, হিউম্যানিটির পক্ষে।”
২০১৭ সালে রাখাইনের মংডু, বুথিডং ও রাথেডং এলাকায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন, হত্যা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা বিশ্ববাসী দেখেছে বলে মন্তব্য করেন তিনি।
মুজিবুর বলেন, “সে সময় মায়েদের কোল থেকে শিশুদের কেড়ে নিয়ে আগুনে নিক্ষেপ করা হয়েছে। নারী-পুরুষ, শিশু, কেউই রেহাই পায়নি। এসব ঘটনা নতুন করে প্রমাণের বিষয় নয়; বরং অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি।”
তার প্রত্যাশা, গণহত্যার সঙ্গে জড়িত মিয়ানমারের সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের আন্তর্জাতিক আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশের আশ্রয়কে সাময়িক হিসেবে দেখার কথা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ দ্রুত তৈরি করা।
রায়ের বাস্তবায়ন জরুরি
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহর মতে, আইসিজের রায় ইতিবাচক হলেও তা রোহিঙ্গা সংকটের তাৎক্ষণিক সমাধান নয়। বরং রায়ের পর সেটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “আমরা নয় বছর ধরে একটা ফাইনাল জাজমেন্টের জন্য অপেক্ষা করছি। অবশ্যই আমরা আশা করছি, ভালো ফল আসবে। কিন্তু রায় ইতিবাচক হলেই রোহিঙ্গাদের সমস্যার সমাধান হয়ে গেছে, তা নয়।”
সৈয়দ উল্লাহর মতে, রায় বাস্তবায়নে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং রোহিঙ্গা প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
তিনি রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক বিপর্যয় হিসেবে দেখার বিরোধিতা করেন। তার মতে, এর সঙ্গে রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতা জড়িত। ফলে সমাধানের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক পক্ষগুলোকেও সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, “আমরা বাংলাদেশের সরকারের নীতির অপেক্ষায় আছি। আমরা আশা করি, কম সময়ের মধ্যে একটি রোডম্যাপ ও রোহিঙ্গা নীতি পাব। সেই নীতি অনুযায়ী সামনে এগোতে চাই।”
স্বামী-সন্তান হারানোর বিচারের অপেক্ষায় মরিয়ম
আইসিজের রায় নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত শোক ও হারানোর স্মৃতিও।
২০১৭ সালে মিয়ানমারের মংডুতে সেনাবাহিনী স্বামী মোহাম্মদ রফিক ও ছেলে মোহাম্মদ জুনায়েদকে ধরে নিয়ে যায় বলে জানান মরিয়ম। এরপর তাদের আর কোনো খোঁজ পাননি তিনি।
স্বামী-সন্তানের অপেক্ষায় একসময় দিশেহারা হয়ে পড়েন এই নারী। দুই মেয়েকে নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এখন থাকেন কক্সবাজারের এক নম্বর রোহিঙ্গা শিবিরের ইস্ট ব্লকে। দুই মেয়ের একজনের বিয়ে হয়েছে। অন্য মেয়েকে নিয়ে তার দিন কাটে শিবিরে।
মরিয়মের আশা, আইসিজের রায়ের মধ্য দিয়ে মিয়ানমারে তার স্বামী ও ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার হবে। সেই সঙ্গে একদিন নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগও তৈরি হবে।
তার কাছে প্রত্যাবাসন মানে শুধু সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়া নয়; স্বামী-সন্তানের স্মৃতি, হারানো ঘরবাড়ি ও পরিচিত জীবনের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাও।
রায়ে আন্তর্জাতিক চাপ বাড়ার আশা
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিষয়ে আইসিজের রায় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
তিনি বলেন, গাম্বিয়ার পক্ষে রায় আসবে বলে তারা আশাবাদী। আদালত যদি মিয়ানমারে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে।
তার মতে, এতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়বে এবং জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর ওপরও রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নেওয়ার নৈতিক দায় তৈরি হবে।
মিজানুর রহমান বলেন, রায়ে রোহিঙ্গাদের মিয়ানমারের ঐতিহাসিক বাসিন্দা বা নাগরিক হিসেবে পরিচয়ের বিষয়টি উল্লেখ থাকলে তা বিশেষ গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে। কারণ মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে দাবি করে আসছে।
তবে আইসিজের রায়ের ফলে সরাসরি রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা করছেন না তিনি।
“এই রায়ের ফলে তারা সরাসরি ওই পারে চলে যাবে, তা বলা যাচ্ছে না। তবে রায়ে যদি তাদের মিয়ানমারের বাসিন্দা বা নাগরিক হিসেবে স্বীকৃতির বিষয়টি আসে, তাহলে তা তাদের দেশে ফেরার দাবিকে নৈতিকভাবে শক্তিশালী করবে। একই সঙ্গে আন্তর্জাতিক চাপও তৈরি হবে।”
বিচারের লড়াইয়ে রোহিঙ্গাদের কণ্ঠ
আইসিজের মামলার কার্যক্রমে যুক্ত ছিলেন রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাহিমা খুশি। বাংলাদেশের শরণার্থী শিবিরে জন্ম ও বেড়ে ওঠা এই নারী গাম্বিয়ার আইনজীবী দলের সঙ্গে সাক্ষ্য সংগ্রহ, অনুবাদ ও আদালতের শুনানিতে দোভাষী হিসেবে কাজ করেছেন।
রাহিমা বলেন, মামলার জন্য বাংলাদেশে তথ্য ও সাক্ষ্য সংগ্রহের সময় তিনি আইনজীবী দলকে সহায়তা করেন। ভুক্তভোগীদের সাক্ষ্য অনুবাদ ও প্রতিলিপি তৈরি ছাড়াও আদালতের শুনানিতে গাম্বিয়ার পক্ষে দোভাষীর দায়িত্ব পালন করেন। বিভিন্ন কূটনৈতিক বৈঠকে ভুক্তভোগীদের প্রতিনিধি হিসেবেও অংশ নেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের দ্য হেগে মামলার শুনানিতে সরাসরি উপস্থিত ছিলেন রাহিমা। গাম্বিয়ার পক্ষ থেকে তাকে প্রতিনিধি দলের সদস্য হিসেবেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
রাহিমা বলেন, ১৯ নভেম্বরের রায় তার কাছে শুধু আদালতের সিদ্ধান্ত নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গাদের সহ্য করা নির্যাতন, বাস্তুচ্যুতি ও ন্যায়বিচারের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তার প্রত্যাশা, আদালত মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য দায়ী সাব্যস্ত করলে তা রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক স্বীকৃতি হবে। তবে শুধু রায় নয়, এর কার্যকর বাস্তবায়ন, ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং নাগরিকত্ব ও নিরাপত্তাসহ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাও জরুরি।
রায় প্রত্যাশা মতো না হলেও ন্যায়বিচারের সংগ্রাম থামবে না বলে মনে করেন তিনি।
“আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই। আমরা করুণা চাই না, আমরা আমাদের অধিকার চাই।”
