১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের।

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 11:21 PM

Updated : 19 Nov 2026, 11:21 PM

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে।

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার প্রস্তাবটি তোলার পর এটির পক্ষে ১২৮ দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ছয়টি এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৩টি দেশ।

বুধবার প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের শার্জ দ্য অ্যাফেয়ার্স সঞ্চিতা হক।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন নিউইয়র্কের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সঞ্চিতা হক রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, “রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করেন।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন করেছে তা তুলে ধরা হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

Image

বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের শার্জ দ্য অ্যাফেয়ার্স সঞ্চিতা হক।

পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ প্রস্তাবের বাস্তবায়নের জন্য সঞ্চিতা হক আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

“রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।”

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে ভোটাভুটির আহ্বান জানায়। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে দেশটি।