১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ডাচেস সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার পদক নিলেন ভ্যালেরি টেইলর

বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় অবদানের জন্য গত বছর ব্রিটিশ রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে ভ্যালেরি টেইলরকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পদকে ভূষিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 09:01 PM

Updated : 11 Nov 2026, 09:01 PM

ডাচেস অব এডিনবরা সোফির উপস্থিতিতে ব্রিটিশ রাজার দেওয়া কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পদক নিলেন ভ্যালেরি অ্যান টেইলর।

বুধবার ঢাকার ব্রিটিশ হাই কমিশনে এক আয়োজনে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) পরিকল্পক ও প্রতিষ্ঠাতার হাতে ওই পদক তুলে দেন হাই কমিশনার সারাহ কুক।

বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের সেবায় অবদানের জন্য গত বছর ব্রিটিশ রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে ভ্যালেরি টেইলরকে ওই পদকে ভূষিত করা হয়।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ২০১৯ সালে ভ্যালেরি টেইলর বলেছিলেন, ১৯৬৯ সালের মাঝামাঝি সময়ে ফিজিওথেরাপিস্টের কাজ নিয়ে চন্দ্রঘোনার খ্রিষ্টান হাসপাতালে আসেন তিনি।

দেড় থেকে দুই বছর কাজের পরিকল্পনা নিয়ে এলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময় জড়িয়ে যাওয়ার কথা ওই সাক্ষাৎকারে বলেন তিনি। এবার বাংলাদেশে আসার ৫৭ বছর পার করলেন অশীতিপর টেইলর।

১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ইংল্যান্ডে ফিরে যান; তবে, যুদ্ধ চলার মধ্যেই সেপ্টেম্বরে তিনি ফিরে আসেন। যুদ্ধে পঙ্গু মানুষদের চিকিৎসায় ব্যস্ততা বেড়ে যায় তার।

তিয়াত্তর সালে ইংল্যান্ডে ফিরে গিয়ে দুই বছর পর আবার ফিরে আসেন বাংলাদেশে। কাজের ধারাবাহিকতায় ১৯৭৯ সালে ছোট পরিসরে প্রতিষ্ঠা করেন সিআরপি।

নিরন্তর কাজের ধারাবাহিকতায় সিআরপির কার্যক্রম এখন অনেক বিস্তৃত। ২০২৪-২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকার মিরপুরে প্রধান কার্যালয়ের পাশাপাশি ১০টি চিকিৎসাকেন্দ্র রয়েছে তাদের। এসব কেন্দ্রে কাজ করেন প্রায় ১২ শ কর্মী।

চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে ইনস্টিটিউট চালায় সিআরপি। পক্ষাঘাতগ্রস্তদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও গড়েছে তারা।

ভ্যালেরি টেইলর ১৯৯৮ সালে বাংলাদেশের নাগরিকত্ব পান। মানবতার সেবায় অবদানের জন্য ভ্যালেরি টেইলরকে ১৯৯৫ সালে অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদক দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।