২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বিয়ের পিঁড়িতে পপ স্টার মাইলি সাইরাস

এর আগে এক দশকের সম্পর্কের পর মাইলি অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেম্সওর্থকে বিয়ে করলেও সংসার টিকেছিল এক বছর।

আবারও বিয়ের পিঁড়িতে পপ স্টার মাইলি সাইরাস

মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:07 PM

Updated : 22 Nov 2026, 10:07 PM

চার বছরের সম্পর্কের পর বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন সংগীত শিল্পী মাইলি সাইরাস।

বয়সে পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে তিনি বিয়ে করেছেন বিবিসি জানিয়েছে।

‘হান্না মন্টানা’ খ্যাত ৩৩ বছর বয়সি এ অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান হয়েছে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে। শনিবার তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।

ছবিতে দেখা যায়, একটি সুইমিং পুলের পাশে সাদা ফুলে মঞ্চ সাজানো হয়েছে। মাইলিও পরেছেন সাদা পোশাক। সেখানে তার মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ ঘণিষ্ঠজনরা রয়েছেন।

গত বছর মার্কিন টিভি শো ‘গুড মর্নিং আমেরিকায়’ এক সাক্ষাৎকারে ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদানের বিষয়টি জানিয়েছিলেন। ২৮ বছর বয়সি মোরান্ডো পেশায় ড্রাম বাদক। লস অ্যাঞ্জলসের ব্যান্ড ‘লিলি’ এর সঙ্গে রয়েছেন তিনি।

এর আগে এক দশকের সম্পর্কের পর মাইলি সাইরাস অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেম্সওর্থকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে বিয়ে করলেও পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর ম্যাক্স মোরান্ডোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০২৩ সালে ব্রিটেনের ভোগ ম্যাগাজিনের দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছিলেন। মোরান্ডো পরে তাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন। তাতে মাইলিকে অনেকটা চমকে যান।

যদিও এ সংগীত শিল্পী বলেন, তাকে চমকে দেওয়া কঠিন। কারণ তিনি সবকিছু তিনি নিজের আয়ত্তে রাখতেই পছন্দ করেন। তবে তিনি মোরান্ডোর কাছে হার মেনেছেন এবং বিয়ের প্রস্তাবে অনেক বেশিই অবাক হয়েছেন।

আরও ম্যাক্স মোরান্ডোও বলেছেন, বিয়ের পরিকল্পনাটি গোপন রাখতে তাকে খুব কৌশলী হতে হয়েছে। জাপান সফরে ওই প্রস্তাব দিয়েছিলেন তিনি।

মাইলি তার হিট গান ‘ফ্লাওয়ার্স’ এর জন্য ২০২৪ সালে গ্রামি অ্যাওয়ার্ড পান। গানটি ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘বেস্ট পপ সলো পারফরমেন্স’ বিভাগে পুরস্কার পায়। ‘সং অব দ্য ইয়ার’ বিভাগেও মনোনয়ন পেয়েছিল গানটি। এরপর ‘টু মোস্ট ওয়ান্টেড’ গানের জন্য ২০২৫ সালে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে গ্র্যামি অ্যাওয়ার্ড পান মাইলি।

ডিজনি চ্যানেলে টেলিভিশন সিরিজ হান্না মন্টানায় ‘মাইলি স্টুয়ার্ট’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মাইলি সাইরাস। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই সিরিজ চলে।

‘ক্রাইসিস ইন সিক্স সিনস’ মিনিসিরিজ ও ‘ব্ল্যাক মিরর’ এর একটি এপিসোডেও তিনি অভিনয় করেন। এছাড়া বোল্ট, দ্য লাস্ট সং, সো আন্ডারকভার সিনেমাতেও অভিনয় করেন তিনি।