২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা: মামলায় সাবেক এমপি নিক্সন প্রধান আসামি

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে।

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা: মামলায় সাবেক এমপি নিক্সন প্রধান আসামি

রাজু মোল্লা ভাঙা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:42 PM

Updated : 22 Nov 2026, 09:41 PM

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে।

রোববার রাতে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বেলেন, নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯৬ জনের নাম দেওয়া হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে এবং উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অবরোধ কর্মসূচি চলাকালে ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজু মোল্লা মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা হন। পথে হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে আসামিরা তার মোটরসাইকেলের গতিরোধ করেন।

এজাহারে অভিযোগ করা হয়, প্রধান আসামি নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে রাজু মোল্লার ওপর হামলা চালান।

হামলাকারীরা তাকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে সড়কে নামিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং চলন্ত বাসে ভাঙচুর চালানো হয় বলে এজাহারে বলা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার নিহত রাজু মোল্লার গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপি নেতাকর্মীরা।

সে সময় শহীদুল ইসলাম বাবুল নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

আরও পড়ুন:

ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের মধ্যে হামলা, কৃষক দল নেতা নিহত

ফরিদপুরে কৃষকদল নেতা নিহতের ঘটনায় আটক ২৫

‘ধৈর্যের একটা শেষ আছে’, কৃষক দল নেতা হত্যার প্রতিবাদে রিজভী

‘একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব’