২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংকটের পেছনে বিতরণ ব্যবস্থার দুর্বলতাও আছে: এনার্জিপ্যাকের এমডি

ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা আরও বাড়লে বিতরণ ব্যবস্থার দুর্বলতা বড় হয়ে উঠতে পারে, মনে করেন হুমায়ুন রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:40 PM

Updated : 22 Nov 2026, 09:40 PM

দেশে বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতার পাশাপাশি অভ্যন্তরীণ বিতরণ ও আমদানির ব্যবস্থাপনাতেও দুর্বলতা দেখছেন এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ।

তিনি মনে করেন, সংকট দূর করতে হলে বিদ্যুতের অবৈধ ব্যবহার বন্ধ করে যথাযথ মূল্য নিশ্চিত করতে হবে। জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন ‘চিনওয়্যাগ উইথ দ্য চিফস’ অনুষ্ঠানে এসব কথা বলেন হুমায়ুন রশীদ, যিনি এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও সামলাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে বিতরণে নজর

জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে এখনকার যে অস্থিরতা, সেটার শুরু মূলত কোভিড মহামারীর সময়। থেকে। এরপর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ এবং সবশেষ ইরান যুদ্ধের কারণে সেই অস্থিরতা আর কাটেনি।

আন্তর্জাতিক বাজারের সেই প্রভাব বাংলাদেশে পড়লেও তা মোকাবিলায় যথাযথ পদক্ষেপের ঘাটতি দেখছেন হুমায়ুন রশীদ।

তিনি বলেন, “আমরা বিদ্যুৎ উৎপাদনে নজর দিয়েছি বেশি। কিন্তু বিতরণ ব্যবস্থায় নজর দিই নাই।”

ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা আরও বাড়লে বিতরণ ব্যবস্থার দুর্বলতা বড় হয়ে উঠতে পারে বলেও সতর্ক করে দেন তিনি।

বিদ্যুতের অপচয় নিয়েও প্রশ্ন তুলেছেন এই ব্যবসায়ী। তার দাবি, গভীর রাতে যখন শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম কম থাকে, তখনও বিদ্যুতের চাহিদা ১৪ থেকে ১৫ হাজার মেগাওয়াটে পৌঁছায়। এর একটি বড় অংশ অবৈধ ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে বলে মনে করেন তিনি।

তার মতে, ব্যাটারিচালিত রিকশা বৈধভাবে চলতে দেওয়া হলে সেগুলোর বিদ্যুৎ ব্যবহারের জন্য যথাযথ মূল্য আদায়ের ব্যবস্থা করতে হবে। এতে বিদ্যুতের প্রকৃত ব্যবহার হিসাবের মধ্যে আসবে এবং সরকারের রাজস্ব বাড়বে।

তিনি বলেন, “ব্যাটারিচালিত অবৈধ রিকশা যেগুলো আছে, সেগুলো চার্জ হচ্ছে রাত ৩টার সময়, ২টার সময়, এই ‘কালচার’ থেকে বেরিয়ে আসতে হবে।”

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে সামনে রেখে ২০০৯ সালে দায়মুক্তি আইন (ইনডেমনিটি আইন) প্রণয়ন করে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। তখন দরপত্র ছাড়াই শতাধিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়, যার বেশির ভাগই ছিল বেসরকারি বিনিয়োগে।

বিদ্যুৎ কেনার চুক্তিতে ক্যাপাসিটি চার্জ চালুর মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ রাখা হয়। ফলে কেন্দ্রগুলো উৎপাদনে থাকুক বা না থাকুক, বিনিয়োগকারীরা তাদের পাওনা ঠিকই পেতে থাকেন।

শুধু শীতে নয়, গরমের সময়ও কম চাহিদার কারণে অনেক বিদ্যুৎকেন্দ্র অলস পড়ে থাকে। এজন্য বসিয়ে রেখেও কেন্দ্রগুলোকে অর্থ দিতে হয়।

বিদ্যুৎকেন্দ্রের এই অব্যবহৃত সক্ষমতা ও ক্যাপাসিটি চার্জের বিষয়ে এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী মনে করেন, ব্যবহারকারীর কাছ থেকে যথাযথ মূল্য আদায় নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ।

“বিদ্যুতের ব্যবহার বৈধ ব্যবস্থার আওতায় এলে সরকারের ভর্তুকির চাপও কমতে পারে।”

জ্বালানি আমদানি ও এলপিজি সরবরাহ

জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আমদানিনির্ভরতার ঝুঁকিও তুলে ধরেছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক। তার হিসাবে, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট। পাঁচ বছর পর তা বেড়ে ৬ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট হতে পারে।

অন্যদিকে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমছে। ফলে ভবিষ্যতের চাহিদা মেটাতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

এলপিজি সরবরাহের সংকটের কারণ নিয়েও নিজের মনোভাব তুলে ধরেছেন হুমায়ুন রশীদ। এক্ষেত্রে আমদানিকারকদের ব্যাংকিং জটিলতার কথাও সামনে আনেন তিনি।

হুমায়ুন রশিদের দাবি, ২৮টি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মধ্যে মাত্র সাত থেকে আটটি প্রতিষ্ঠান নিয়মিত আমদানি করতে পারছে। বাকিরা ব্যাংকের সঙ্গে বিভিন্ন বিরোধের কারণে ঋণপত্র খুলতে পারছে না।

এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছেন তিনি।

তার প্রস্তাব, ১০ শতাংশ মার্জিনের বিপরীতে আমদানিকারকদের ঋণপত্র খোলার সুযোগ দেওয়া যেতে পারে। আমদানি করা এলপিজি বিক্রির অর্থ দিয়ে পরে ব্যাংকের দায় সমন্বয় করা হবে।

তিনি বলেন, “এই প্রি-কন্ডিশনে যদি বাংলাদেশ ব্যাংক সবাইকে এলসি করতে দিত, তাহলে কিন্তু এই শর্টেজটা কম হতো।”

মূল্যস্ফীতির চাপে ব্যব ব্যবসায়ী ও ভোক্তা

জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার প্রভাব শুধু শিল্পকারখানায় সীমাবদ্ধ থাকে না, পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ে বলে মনে করেন হুমায়ুন রশীদ।

তিনি বলেন, “আমি নিজেও একজন ভোক্তা হিসেবে বিশ্বাস করি, আমার উপরেও চাপ আসছে, আমার আশপাশে যারা প্রতিবেশী আছে, সবার উপরেই চাপ আসছে।”

তার ব্যাখ্যা, ডিজেলের দাম বাড়লে পরিবহন ও নৌযানের ভাড়া বাড়ে। জেট ফুয়েলের দাম বাড়লে বিমান ভাড়া বাড়ে। অর্থাৎ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব উৎপাদন থেকে শুরু করে পণ্য পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে প্রভাব ফেলে।

এনার্জিপ্যাকও এই পরিস্থিতির বাইরে নয় বলে মন্তব্য করেন তিনি। ডলারের উচ্চমূল্য, ঋণের সুদ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা প্রতিষ্ঠানটির ব্যবসায় চাপ তৈরি করেছে। তবে রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা চলার কথা বলেছেন তিনি।

পুঁজিবাজারে আস্থার সংকট

দেশের পুঁজিবাজারের দীর্ঘস্থায়ী মন্দার পেছনে বিনিয়োগকারীদের আস্থার ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন হুমায়ুন রশীদ।

তার মতে, ভালো প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনা যায়নি। ফলে বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা রাখতে পারছেন না। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ব্যাংকনির্ভরতা বাড়ছে। অথচ ব্যাংকঋণের সুদ বেশি হওয়ায় নতুন শিল্প বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, “এই যে একটা ত্রাসের সমস্যা যাচ্ছে, মব কালচার যাচ্ছে, এখান থেকে যতক্ষণ না আমরা বেরিয়ে আসছি, ততক্ষণ কিন্তু আমরা বিনিয়োগকে আকৃষ্ট করতে পারছি না, পুঁজিবাজারকে আকৃষ্ট করতে পারছি না।

“এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে প্রথমে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে।

দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোকে জরুরি মনে করেন তিনি।

এনার্জিপ্যাক: মেরামত থেকে প্রকৌশল সেবা

১৯৮২ সালে ট্রান্সফরমার মেরামতের কাজ দিয়ে যাত্রা শুরু করে এনার্জিপ্যাক। ছোট একটি কারখানা থেকে ধাপে ধাপে ট্রান্সফরমার উৎপাদন, বৈদ্যুতিক উপকরণ তৈরি এবং বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্র নির্মাণের পূর্ণাঙ্গ প্রকৌশল সেবায় বিস্তৃত হয় কোম্পানিটি।

তখন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অনেক ট্রান্সফরমার পুড়ে যেত। সেগুলো মেরামতের কাজ দিয়ে গাবতলীতে প্রায় দুই হাজার বর্গফুটের একটি ভাড়া জায়গায় কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

হুমায়ুন রশীদ বলেন, “আমাদের শুরুটা হয়েছিল ট্রান্সফরমার রিপেয়ারিং দিয়ে।”

তারপর ট্রান্সফরমার তৈরির প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জনের জন্য কলকাতার বিভিন্ন কারখানার সঙ্গে যোগাযোগ করেন তারা। এরপর বাজার তৈরির দিকে মনোযোগ দেন। তখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই (পিডিবি) ছিল ট্রান্সফরমারের প্রধান ক্রেতা।

শুরুতে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদারদের কাছে ট্রান্সফরমার সরবরাহ করত এনার্জিপ্যাক। কচুয়া ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিষ্ঠানটির তৈরি ৫০ কেভিএ ট্রান্সফরমার সরবরাহ করা হয়।

পরে পিডিবি থেকে একসঙ্গে পাঁচটি ২০০ কেভিএ ট্রান্সফরমারের ক্রয়াদেশ পায় প্রতিষ্ঠানটি।

হুমায়ুন রশীদ বলেন, উৎপাদনের পাশাপাশি শুরু থেকেই পণ্যের মান পরীক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছিলেন তারা।

“ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারিংটা যত বড় চ্যালেঞ্জ, তারচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রান্সফরমারটা যেন প্রপারলি টেস্টেড হয়।”

পরবর্তী সময়ে মাঝারি ভোল্টেজের সুইচগিয়ার, কারেন্ট ট্রান্সফরমার ও পটেনশিয়াল ট্রান্সফরমার উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। এখন বিদ্যুৎ উৎপাদন থেকে উপকেন্দ্র নির্মাণ পর্যন্ত প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) সেবা দিচ্ছে তারা। সর্বোচ্চ ৪০০ কেভি ভোল্টেজ ব্যবস্থায় কাজ করার সক্ষমতা অর্জনের কথাও জানান তিনি।

তার ভাষায়, “কমপ্লিট সলিউশনটা আমরা দেশে করি, যেন বিদেশি মুদ্রাটা দেশের জন্য সাশ্রয় হয়, যেন দেশে ইঞ্জিনিয়ারিং ডেভেলপ করে, মানুষের কর্মসংস্থান হয়।”

রপ্তানির বাজার বাড়ানোর প্রস্তুতি

দেশের বাজারে বিক্রির পাশাপাশি ভারত ও নেপালে ট্রান্সফরমার রপ্তানি করছে এনার্জিপ্যাক। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন হুমায়ুন রশীদ।

তিনি জানান, ভারতের ট্রান্সফরমারের বাজার প্রায় ৩২ বিলিয়ন ডলারের। সেই বাজারে আরও বড় পরিসরে প্রবেশ করতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য তারা পণ্যের মান ও নকশার আন্তর্জাতিক স্বীকৃতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

ভারতের ভোপাল ও বেঙ্গালুরুর সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের (সিপিআরআই) পরীক্ষাগারে এনার্জিপ্যাকের ড্রাই টাইপ ট্রান্সফরমার পরীক্ষা করানো হয়েছে। এর মাধ্যমে পণ্য ও নকশার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানান তিনি।

এনার্জি প্যাকের এমডি বলেন, “ওই নিউট্রাল টেস্ট ল্যাবরেটরি থেকে টেস্ট করানোর ফলে আমাদের যেটা সুবিধা হয়েছে, আন্তর্জাতিক বাজারে আমরা গ্রহণযোগ্যতা পেয়েছি। ফলে আমরা রপ্তানি করতে পারছি এবং ভবিষ্যতে আমরা কিন্তু আরও বেশি রপ্তানি করতে পারব।”

তার দাবি, বাংলাদেশের প্রকৌশল পণ্য উৎপাদন খাতের সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি। বিদ্যুৎ খাতের জন্য প্রয়োজনীয় ক্যাবল, ট্রান্সফরমার, সুইচগিয়ারসহ বিভিন্ন উপকরণ দেশে তৈরি হচ্ছে। উপকেন্দ্র ও সঞ্চালন ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতির ৮০ থেকে ৯০ শতাংশই দেশে উৎপাদন করা সম্ভব বলে দাবি করেন তিনি।

এই সক্ষমতা কাজে লাগিয়ে উপসাগরীয় দেশগুলোর বাজারেও প্রবেশের সুযোগ দেখছেন তিনি। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ ও উপকেন্দ্র পুনর্নির্মাণে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সেখানে বাংলাদেশের উৎপাদিত যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি প্রকৌশলী ও দক্ষ জনবল পাঠানোর সুযোগও রয়েছে।

পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিরও সুযোগ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, সেবা রপ্তানি করা গেলে বিদেশে যন্ত্রপাতি স্থাপন, সেগুলো চালু করা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজেও বাংলাদেশের জনবল যুক্ত হতে পারে।

তবে এই সম্ভাবনা কাজে লাগাতে নীতিগত সংস্কারের প্রয়োজন বলে মনে করেন তিনি। বিশেষ করে রপ্তানিমুখী প্রকৌশল শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।

তার প্রশ্ন, তৈরি পোশাক শিল্প কাঁচামাল ও উপকরণ শুল্কমুক্তভাবে আমদানির সুবিধা পেলে ট্রান্সফরমার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একই সুবিধা পাবে না কেন?

পাঁচ বছরে বৈশ্বিক প্রতিষ্ঠানের লক্ষ্য

আগামী পাঁচ বছরে এনার্জিপ্যাককে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান হুমায়ুন রশীদ। ট্রান্সফরমার, সুইচগিয়ার, কারেন্ট ট্রান্সফরমার ও পটেনশিয়াল ট্রান্সফরমারসহ বিভিন্ন প্রকৌশল পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করাই তাদের লক্ষ্য।

ভারতে বিদ্যুতের চাহিদা প্রতিবছর ১০ থেকে ১২ শতাংশ হারে বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, সেখানে উৎপাদনকারীদের পণ্য সরবরাহে ছয় মাস পর্যন্ত সময় লাগলেও এনার্জিপ্যাক তিন মাসে সরবরাহ করতে পারে। দামের ক্ষেত্রেও প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে বলে দাবি তার।

নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমরা দেখতে চাই, এই কোম্পানিটা রপ্তানি করছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করছে।”

দেশে প্রকৌশল শিল্পের বিকাশ ঘটবে, নতুন প্রজন্মের প্রকৌশলীদের কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশের পণ্য ও দক্ষ জনবল আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেবে, এমন প্রত্যাশার কথাও শুনিয়েছেন হুমায়ুন রশীদ।