১০০০ মোমবাতির আলোয় ভাসল নুহাশপল্লী, স্মরণে হুমায়ূন আহমেদ
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা সাহিত্যের এ জনপ্রিয় লেখক।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের পিরুজালী গ্রামে তার নিজ হাতে গড়া নুহাশপল্লীতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় সমাধিস্থলে ১ হাজার মোমবাতি প্রজ্বলন করে প্রয়াত কথাসাহিত্যিকের জন্মদিনের কর্মসূচি শুরু করা হয়।
শুক্রবার সকাল ৮টায় হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন।
এরপর তার সমাধিতে হুমায়ূন ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এই লেখক ও নির্মাতাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে কেক কাটেন নুহাশ পল্লীর কর্মীরা।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, এক হাজার মোমবাতি প্রজ্জলন করে হুমায়ুন আহমেদের জন্মদিনের কর্মসূচির শুরু করা হয়। তবে হুমায়ুন আহমেদের দুই সন্তান নিষাদ ও নিনিদ অসুস্থতার কারণে এবাব জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
একনজরে হুমায়ূন আহমেদ
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। আশির দশক থেকে নব্বইয়ের প্রজন্মের কাছে তিনি ছিলেন 'গল্পের জাদুকর'। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো কালজয়ী ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে তার গল্পেই।
১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের জন্য সেরা গল্পকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এর দুবছর পর ১৯৯৪ সালে তিনি ‘আগুনের পরশমণি’ নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
এরপর একে একে নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘ঘেটুপুত্র কমলা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র।
ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। এই দম্পতির চার সন্তান— নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ আহমেদ।
২০০৫ সালে গুলতেকিনের সঙ্গে বিচ্ছেদের পর মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন তিনি; তাদের দুই সন্তান নিষাদ ও নিনিত।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা সাহিত্যের এ জনপ্রিয় লেখক।
