১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য’

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভাসহ নানা আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজের রিডার্স ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 03:43 PM

Updated : 13 Nov 2026, 03:53 PM

জামালপুরে নানা আয়োজনে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজের গ্রন্থ কাননে আলোচনাসভায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বার্সেদ বলেছেন, “হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক অমর নক্ষত্র। হিমু, রূপা, মিছির আলীসহ নানা চরিত্রের মাধ্যমে তিনি তার লেখনীতে সকল শ্রেণির মানুষের গল্প চমৎকারভাবে তুলে ধরেছেন।

“ঘটনা ও চরিত্রের মাধ্যমে তিনি প্রতিটি রচনায় পাঠককে আকৃষ্ট করেছেন দারুনভাবে। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য।”

বৃহস্পতিবার বিকালে এ আলোচনা সভার আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজের রিডার্স ক্লাব।

সভাপতির বক্তব্যে রিডার্স ক্লাবের মূখ্য সমন্বয়ক ও হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম. রবিউল আলম লুইপা বলেন, “মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের বের করে পাঠাভ্যাস ও পাঠক তৈরির উদ্দেশ্যে রিডার্স ক্লাব গঠন করা হয়েছে। বিভিন্ন বই ও লেখকদের নিয়ে নিয়মিত পাঠচক্র আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মত হুমায়ূন উৎসব আয়োজন করা হয়েছে।

এছাড়াও রিডার্স ক্লাব শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা উন্নয়নে কাজ করে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হাকিম, অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন, প্রভাষক রৌশন আলম মিঠুসহ অন্যান্যরা।

পরে কেক কাটা, কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হুমায়ূন উৎসব শেষ হয়।