এইচএসসি সম্পূরক পরীক্ষা: গোপালগঞ্জের ৫ কেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে
দুই জেলার কেন্দ্রগুলোকে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
‘অনুকূল পরিবেশ’ না থাকায় গোপালগঞ্জ জেলায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে পরীক্ষাগুলো পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে, “অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জ জেলার কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের রাজৈর উপজেলা ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রে বা উপকেন্দ্রে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে গোপালপঞ্জ সরকারি কলেজের কেন্দ্রের পরীক্ষা পরিবর্তন করে মাদারীপুর জেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে নেওয়া হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষা মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে অনুষ্ঠিত হবে।
এছাড়া টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ ও মুকসুদপুরের মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষা মাদারীপুরের শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিতে হবে।
বোর্ড বলছে, ইতোমধ্যেই উল্লেখিত কেন্দ্রগুলোকে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয় গত ২৩ নভেম্বর। পুনর্মূল্যায়নের পরও যারা এক বা দুই বিষয়ে অকৃতার্য হয়েছিল, তাদের জন্য আবেদনের সময় বাড়িয়ে ২৫ এবং ২৬ নভেম্বর রাখা হয়।
উচ্চ মাধ্যমিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া এই শিক্ষার্থীদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। সম্পূরক এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর।
