মনিরুলের স্ত্রী-শ্যালকদের কারাগারে রাখার আবেদন
শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।
বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পরিদর্শক গোলাম মর্তুজা রোববার এ আবেদন করেন।
অন্য দুই আসামি হলেন—মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ আবেদনের শুনানি হবে।
শনিবার গভীর রাতে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও তার ভাই রেজাউল আলম শাহীনকে মিরপুর ডিওএইচএস থেকে এবং তাদের ভাই বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে অচেনা ৩০ থেকে ৩৫ জন বিমানবন্দরের গোলচত্বর এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন সদস্য ছিলেন। বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হন। পরে বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উপকমিশনারের দায়িত্ব পান। তার উদ্যোগে ২০১৬ সালে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যাত্রা শুরু হয়। পরে ২০২১ সালের মার্চে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব পান।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। একই দিন আরেক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
ওই দিনই একদল কর্মকর্তার তোপের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা সায়লা ফারজানাকে দপ্তর ছাড়তে হয়েছিল। কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশি পাহারায় তাকে বাসায় পাঠান।
২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার দিন সায়লা ফারজানাকেও ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো কারণ না দেখিয়েই তাঁকে চাকরি থেকে অবসর দিতে পারে।
