২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৩৮৯ জনের মৃত্যু হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 04:36 PM

Updated : 29 Nov 2026, 04:36 PM

দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। দেশেও গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভেগে একজন করে মারা গেছে।

চলতি বছরের শুরু দিকে দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব ঘটে। মার্চে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সমালোচনা ও বিক্ষোভের মুখে এপ্রিলে জরুরিভিত্তিতে কিছু এলাকায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে সরকার। এরপর সিটি করপোরেশনসহ সারাদেশে আরও দুই দফা হামের টিকাদান ক্যাম্পেইন হয়েছে। বাদ পড়া শিশুদের খুঁজে বের করে মাসব্যাপী টিকাদান শেষ করে অক্টোবরে।

কিন্তু এর মধ্যেও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৯ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৮৩ জন আর রোগটি শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩৩, চট্টগ্রামে ১৩২, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৫ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২৬৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২২০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৮, চট্টগ্রামে ২২৭, সিলেটে ১৪০, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১৫৯, খুলনায় ১১৭, রাজশাহীতে ৪৪ এবং রংপুরে ৩০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।